
Raiganj School Teacher Arrested: বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন সহবাস এবং ধর্ষণের অভিযোগে এক হাইস্কুলের শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। সোমবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা এলাকায়। ধৃত শিক্ষকের নাম দেবাশিস রায় এবং তাঁর বয়স ছত্রিশ বছর। ধৃতের বাড়ি রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামে। এই ঘটনায় নির্যাতিতা তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতে তুললে বিচারক তাঁকে চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গিয়েছে যে রায়গঞ্জ থানার তাহেরপুরের বাসিন্দা তেইশ বছর বয়সী এক তরুণীর সঙ্গে অভিযুক্ত স্কুল শিক্ষকের গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তরুণীর সুনির্দিষ্ট অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সময় ধরে ওই শিক্ষক তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। কিন্তু পরবর্তীতে তরুণী যখনই বিয়ের কথা বলতেন তখনই অভিযুক্ত শিক্ষক নানা অছিলায় টালবাহানা শুরু করতেন। শেষ পর্যন্ত কোনো উপায়ান্তর না দেখে রবিবার বিকেলে ওই তরুণী নিজেই রায়গঞ্জ মহিলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় আইনের ৬৯ এবং ১১৫ এর দুই ও ৩৫১ এর দুই ধারায় মামলা রুজু করে সোমবার সকালে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। এই বিষয়ে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার জানান যে ধৃতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে পুলিশ এবং বিচারক ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
এই ঘটনায় মোট তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে তিনি জানান। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার ডাঃ সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানিয়েছেন যে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মামলার বাকি অভিযুক্তদের খোঁজে জোর কদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ।