Advertisement

ঘন কুয়াশায় কন্টেনারে ধাক্কা বাইকের, রাজগঞ্জে মৃত ২ জখম ১

পুলিশের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণেই হয়তো বাইকচালক কন্টেইনারটি দেখতে পাননি বা নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ। কুয়াশার ভূমিকা কতটা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘন কুয়াশায় কন্টেনারে ধাক্কা বাইকের, মৃত ২ জখম ১ঘন কুয়াশায় কন্টেনারে ধাক্কা বাইকের, মৃত ২ জখম ১
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 07 Feb 2026,
  • अपडेटेड 4:43 PM IST

ঘন কুয়াশার জেরে শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল জলপাইগুড়ির রাজগঞ্জে। রাজগঞ্জ থানার অন্তর্গত মনুয়াগঞ্জের কাছে আমবাড়ি-হাতিমোড় রাজ্য সড়কে একটি কন্টেইনার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই তরুণ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক। সকালে ব্যস্ত সড়কে এই দুর্ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি বাইকে চেপে তিন যুবক আমবাড়ির দিক থেকে হাতিমোড়ের দিকে যাচ্ছিলেন। মনুয়াগঞ্জ সংলগ্ন তুঁত বাগান এলাকায় পৌঁছতেই উল্টো দিক থেকে আসা একটি বড় কন্টেইনার গাড়ির সঙ্গে বাইকটির সরাসরি ধাক্কা লাগে। সেই সময় গোটা এলাকা ঘন কুয়াশায় ঢেকে ছিল, ফলে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম।

পুলিশের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণেই হয়তো বাইকচালক কন্টেইনারটি দেখতে পাননি বা নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ। কুয়াশার ভূমিকা কতটা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। মৃতদের নাম কর্ণদেব মন্ডল ও শুভাশিস ওরাওঁ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় দীপঙ্কর মজুমদার নামে আরেক যুবককে। তিনজনই রাজগঞ্জের বলাইগছ এলাকার বাসিন্দা এবং সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র বলে জানা গিয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে এবং আহত দীপঙ্করকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

দুর্ঘটনার পর ঘাতক কন্টেইনারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি, কুয়াশার কারণে ওই রাজ্য সড়কে যান চলাচলের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কলেজ চত্বর ও গোটা এলাকায়। অল্প বয়সে দুই ছাত্রের মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement