
Siliguri Youth Arrest: প্রথম বিয়ের তিক্ত অভিজ্ঞতা ভুলে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন এক তরুণী। কিন্তু সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠা প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত ভয়াবহ প্রতারণায় গড়িয়ে যায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন এবং তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে দাগাপুরের বাসিন্দা কুন্দন প্রসাদকে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই তরুণীর সঙ্গে কুন্দনের পরিচয় হয়। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় ছিলেন তিনি। সেই সময় কুন্দনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হলে ধীরে ধীরে দু’জনের সম্পর্ক গভীর হয়। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেই বিশ্বাসকেই কাজে লাগিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয় কুন্দন। তরুণী মনে করেছিলেন, খুব শিগগিরই সামাজিক স্বীকৃতি দিয়ে তাঁকে বিয়ে করবে যুবক।
কিন্তু পরিস্থিতি পাল্টে যায় যখন ওই তরুণী জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি কুন্দনকে জানিয়ে দ্রুত বিয়ের জন্য চাপ দিতেই ধীরে ধীরে তাঁর আচরণ বদলে যেতে থাকে বলে অভিযোগ। বিয়ের প্রসঙ্গ উঠতেই দূরত্ব তৈরি করতে শুরু করে কুন্দন। একসময় সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দিলে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়ে যায় তরুণীর কাছে। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া তরুণীর আক্ষেপ, “নতুন করে আর কাউকে বিশ্বাস করাই খুব কঠিন হয়ে যাবে।”
এরপর উপায়ান্তর না দেখে অভিযোগ দায়ের করেন তিনি প্রধাননগর থানায়। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার রাতে অভিযুক্ত কুন্দন প্রসাদকে দাগাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতকে তোলা হয় Siliguri Sub-Divisional Court-এ। আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।