Advertisement

Cut Money Return Coochbehar: স্টল পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, ৩৫ ব্যবসায়ীকে টাকা ফেরালেন TMC নেতা

Cut Money Return Coochbehar: জানা গিয়েছে, প্রায় এক বছর আগে নাজিরহাট বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি স্টল তৈরি করা হয়েছিল। অভিযোগ, সেই স্টল পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল।

প্রীতম ব্যানার্জী
  • নয়াদিল্লি,
  • 11 Jul 2026,
  • अपडेटेड 7:19 PM IST

Cut Money Return Coochbehar: রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতানেত্রীদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ ঘিরে বিতর্ক বাড়ছে। কোথাও ডিম ছোড়ার ঘটনা ঘটছে, আবার কোথাও অভিযোগের মুখে টাকা ফেরত দিচ্ছেন তৃণমূল নেতারা। সেই তালিকায় এবার নতুন সংযোজন কোচবিহারের নাজিরহাট। সরকারি স্টল পাইয়ে দেওয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিলেন নাজিরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান রামচন্দ্র ঘোষ। বৃহস্পতিবার নাজিরহাট বাজারে আয়োজিত একটি বিশেষ শিবিরে ৩৫ জন ব্যবসায়ীর হাতে মোট ৪ লক্ষ ২৭ হাজার টাকা তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, প্রায় এক বছর আগে নাজিরহাট বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি স্টল তৈরি করা হয়েছিল। অভিযোগ, সেই স্টল পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। পরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর ব্যবসায়ীরা তাঁদের টাকা ফেরতের দাবি তোলেন। সেই দাবির পরেই শেষ পর্যন্ত টাকা ফেরত দেন রামচন্দ্র ঘোষ।

ব্যবসায়ীদের দাবি, সরকারি স্টল পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের উপর চাপ সৃষ্টি করেই এই টাকা নেওয়া হয়েছিল। তখন প্রতিবাদ করার পরিস্থিতি না থাকলেও এখন তাঁরা মুখ খুলেছেন। দীর্ঘদিন পর টাকা ফেরত পেয়ে স্বস্তির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে রামচন্দ্র ঘোষের দাবি, বাজার উদ্বোধনের অনুষ্ঠানের খরচের জন্যই ওই টাকা নেওয়া হয়েছিল। তাঁর কথায়, বিবেকের তাড়নায় তিনি সমস্ত টাকা ফেরত দিয়েছেন। এর সঙ্গে কোনও রাজনৈতিক চাপ বা অন্য কোনও কারণের সম্পর্ক নেই। যদিও তাঁর এই ব্যাখ্যায় সবাই সন্তুষ্ট নন। অনেকেরই প্রশ্ন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় ডিম থেরাপির ঘটনার পর সেই আতঙ্কেই কি শেষ পর্যন্ত টাকা ফেরতের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি।

 

Read more!
Advertisement
Advertisement