
Udayan Guha Sukanta Majumdar: উত্তরবঙ্গের রাজনীতিতে শাসক ও বিরোধীর সংঘাত নতুন মোড় নিল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে প্রকাশ্য সভা থেকে ‘পেটমোটা মন্ত্রী’ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার শিলিগুড়ির উপকণ্ঠে গোসাইপুরে বিজেপির এক কর্মীসভায় এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ‘গড়ে ঢুকে’ লড়াইয়ের চ্যালেঞ্জও ছুড়ে দেন বালুরঘাটের সাংসদ।
দিনহাটা ও কোচবিহার রাজনীতিতে উদয়ন গুহের প্রভাবের কথা তুলে ধরে সুকান্ত মজুমদার বলেন, বিজেপি দিনহাটায় রাজনৈতিক কর্মসূচি করবেই। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ‘‘দম থাকলে আমাদের রুখে দেখাক।’’ এখানেই থামেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পুলিশের ভূমিকা নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, ‘‘পুলিশ ছাড়া আসুন। দেখব কত ক্ষমতা রয়েছে। পুলিশ নিয়ে তো সবাই দাদাগিরি করতে পারে।’’
রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক ভিত মজবুত করতে এবং কর্মীদের চাঙ্গা করতেই সুকান্ত মজুমদার এদিন আক্রমণাত্মক ভাষা বেছে নেন। কোচবিহারে বিজেপি নেতাদের প্রবেশ ঘিরে উদয়ন গুহের কড়া অবস্থান অতীতেও বহুবার সংবাদ শিরোনামে এসেছে। শনিবার সেই অবস্থানের বিরুদ্ধেই সরাসরি রণহুঙ্কার দিলেন সুকান্ত।
তবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই মন্তব্য ঘিরে তৃণমূল শিবিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে ব্যক্তিগত আক্রমণ এবং ‘বডি শেমিং’ নিয়ে দলের অন্দরে ক্ষোভ উসকে উঠেছে। এখন রাজনৈতিক মহলের নজর, দিনহাটার প্রভাবশালী নেতা উদয়ন গুহ এই চ্যালেঞ্জের কী পাল্টা জবাব দেন, তার দিকেই।