
মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার প্রথমবার উত্তর দিনাজপুর সফরে গেলেন শুভেন্দু অধিকারী। প্রথমে প্রশাসনিক বৈঠকে ও পরে কর্ণজোড়ায় তিস্তা ময়দানে সভা করেন তিনি। এই ময়দান থেকেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের স্বাস্থ্য় পরিষেবায় আমুল বদল আনতে রায়গঞ্জে AIIMS তৈরির বার্তা দেন শুভেন্দু। অন্যদিকে, জলপাইগুড়ি জেলায় পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, "উত্তর দিনাজপুরের মানুষের জন্য হাসপাতালের চেহারা বদলে দেব, স্মার্ট স্কুল তৈরি হবে, ফায়ার ব্রিগেডে ইতিমধ্যে ৬টি গাড়ি এসেছে, ১০টি ট্রমা অ্যাম্বুলেন্স CSR-এর আওতায় এসেছে। পাশাপাশি প্যাথোলজিকাল সেন্টার থেকে ক্যাথলাব, প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র থেকে অমৃত, জেলার হেলথ সেন্টারে দ্রুত পরিষেবা দেওয়ার কাজ শুরু করা হবে।"
সভার শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, "এদিন প্রশাসনিক বৈঠকে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে সরকার ঠিক করেছে রায়গঞ্জের দিগনগরে এইমস তৈরির প্রস্তাব ভারত সরকারের কাছে পাঠানো হবে। জলপাইগুড়িকেও নিরাশ করা হবে না। পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল জলপাইগুড়িতে তৈরি করা হবে।" একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এদিন সাধারণ মানুষের কল্যাণের জন্য মোট ৩০টি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এছাড়াও, ৮৩টি কর্মসূচির শিলান্যাস করা হয়েছে।
শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী উত্তর দিনাজপুরের জন্য আগামী কয়েকটি প্রকল্পেরও উল্লেখ করেন। তিনি আশ্বাস দেন, কিষানগঞ্জ বাইপাসের DPR তৈরি করা হবে, রায়গঞ্জ বারসৌই-এর রাস্তা জুড়ে দেওয়া হবে। এছাড়াও, নতুন রেলপথের জন্য কালিয়াগঞ্জ- বুনিয়াদপুর ব্রডগেজ লাইন, আলুয়াবাড়ি-নিউ জলপাইগুড়ির মধ্যে তৃতীয় ও চতুর্থ ব্রডগেজ লাইনের জন্য জমি দেওয়া হবে।
প্রসঙ্গত, নির্বাচনের আগে উত্তরবঙ্গে ভোটপ্রচারে এসে AIIMS গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটে জয়ের পর উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘২০০৯ সাল থেকে বিজেপি-কে পাহাড়-সহ উত্তরবঙ্গ জায়গা দিয়েছে। এ বার উন্নয়নের মাধ্যমে সেই ঋণ শোধ করব।’ সেই প্রতিশ্রুতি মেনেই এদিন বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।