
TMC Candidate List West Bengal Election 2026: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের হারানো জমি পুনরুদ্ধারে বড়সড় বাজি খেললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ঘোষিত প্রার্থী তালিকায় একদিকে যেমন অ্যাথলিট থেকে প্রাক্তন আইপিএস-এর মতো নতুন মুখদের জায়গা দেওয়া হয়েছে, তেমনই পুরনো অভিজ্ঞ সেনাপতিদের ওপর আস্থা রেখে এক ভারসাম্যপূর্ণ রণকৌশল সাজিয়েছে জোড়ফুল শিবির। পাহাড় থেকে সমতল, উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হেভিওয়েট প্রার্থীদের নাম আসতেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।
উত্তরবঙ্গের সবথেকে বড় চমক হিসেবে উঠে এসেছে জলপাইগুড়ির রাজগঞ্জ আসনটি। সেখানে জল্পনা সত্যি করে বিশ্বখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মনের নাম ঘোষণা করেছে দল। খেলার মাঠে দেশকে গর্বিত করার পর এবার রাজনীতির ময়দানে স্বপ্নার জনপ্রিয়তাকেই হাতিয়ার করতে চাইছে ঘাসফুল শিবির। শিলিগুড়ির লড়াইকে অন্য মাত্রা দিতে ফের একবার মেয়র গৌতম দেবের ওপরেই ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারের হারের গ্লানি মুছে শিলিগুড়ি পুনরুদ্ধার করাই এখন তাঁর প্রধান লক্ষ্য। অন্য দিকে, হাই-ভোল্টেজ ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে রঞ্জনশীল শর্মাকে প্রার্থী করে বড়সড় টক্করের ইঙ্গিত দিয়েছে শাসকদল।
কোচবিহারে আবার অভিজ্ঞতার সঙ্গেই মিশেছে চমক। দিনহাটায় লড়ছেন হেভিওয়েট নেতা তথা মন্ত্রী উদয়ন গুহ এবং মেখলিগঞ্জে পরেশচন্দ্র অধিকারী। তবে তুফানগঞ্জে প্রাক্তন ক্রিকেটার শিবশংকর পাল এবং সিতাইয়ে সঙ্গীতা রায় বাসুনিয়াকে প্রার্থী করে শাসকদল নতুন সমীকরণ তৈরির চেষ্টা করেছে। মালদহে আবার রতুয়া ও মালতীপুরে সমর মুখোপাধ্যায় এবং আব্দুর রহিম বক্সির মতো পোড়খাওয়া বিধায়কদের ওপরই আস্থা রাখা হয়েছে। তবে চাঁচল আসনে বিদায়ী বিধায়ককে সরিয়ে প্রাক্তন দাপুটে আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা অন্যতম বড় মাস্টারস্ট্রোক হিসেবে দেখা হচ্ছে।
আলিপুরদুয়ারের লড়াইও বেশ আকর্ষণীয় হতে চলেছে। গতবারের বিজেপির জয়ী বিধায়ক তথা বর্তমানের তৃণমূল নেতা সুমন কাঞ্জিলালকেই সেখানে টিকিট দেওয়া হয়েছে। পেশায় আইনজীবী সুমনের হাত ধরে আলিপুরদুয়ারে পদ্ম-শিবিরকে বড় ধাক্কা দিতে চাইছে তৃণমূল। কোচবিহার উত্তর ও দক্ষিণ কেন্দ্রে যথাক্রমে পার্থপ্রতিম রায় এবং অভিজিৎ দে ভৌমিককে (হিপ্পি) প্রার্থী করে দলের সাংগঠনিক শক্তি প্রমাণের চ্যালেঞ্জ নেওয়া হয়েছে। সব মিলিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে তারুণ্য আর অভিজ্ঞতার এই মিশ্রণ ভোটের বাক্সে কতটা প্রতিফলন ঘটাবে, এখন সেটাই দেখার।