
রাজ্যে সরকার বদলের পর এবার বদলে গেল সরকারি স্কুলে স্কুলে খাতার রং। নীল-সাদা রং এখন অতীত জায়গা নিল গেরুয়া রং। বিশ্ববাংলার লোগো সরিয়ে ফিরল অশোক স্তম্ভ। নতুন খাতায় আর নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও।
নতুন খাতা পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা
নতুন খাতায় আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর ছবি। ইতিমধ্যেই রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলার ইংরেজবাজার শহরের বেশ কিছু স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের হাতে স্কুলের পক্ষ থেকে তুলে দেওয়া হল নতুন খাতা। আর এই নতুন খাতা পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা। ইতিমধ্যেই নতুন খাতা পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছে তারা। এবিষয়ে জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, পঞ্চম থেকে দশম শ্রেণির পাঠ্যক্রম শুরু হয় জানুয়ারি মাস থেকে। তখন ছিল তৃণমূল সরকার। তাই তখন তারা নীল-সাদা খাতা পেয়েছে।
শুধু মলাট নয়,উন্নত হয়েছে কাগজের মান ও পাতার
কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম শুরু হয় জুন মাস থেকে তাই সরকার পরিবর্তন হওয়ার পরই জুলাই মাসে পড়ুয়ারা পেল নতুন গেরুয়া রঙের খাতা। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের হাতে পৌঁছেছে নতুন ডিজাইনের খাতা। শুধু মলাট নয়,উন্নত হয়েছে কাগজের মান ও পাতার। মালদার ইংরেজবাজার শহরের বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখা গেল নতুন খাতা স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণির ছাত্রীদের হাতে শিক্ষিকারা তুলে দিতে।
সিলেবাসও পরিবর্তন হতে পারে
এ বিষয়ে বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার জানান, সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আপাতত আমাদের স্কুলে একাদশ দ্বাদশের মিলে প্রায় ৪০০ ছাত্রী রয়েছে। প্রত্যেক ছাত্রী তিনটি করে নতুন খাতা পেল। তবে আপাতত খাতাই পাওয়া গিয়েছে, কোনa নতুন বই পাওয়া যায়নি। আশা করা যায় আগামী শিক্ষাবর্ষে নতুন বইও পাওয়া যাবে। পাশাপাশি সিলেবাসও পরিবর্তন হতে পারে। আশা করা যায় আগামী শিক্ষাবর্ষে সমস্ত শ্রেণির ছাত্রীরা নতুন খাতা পাবে।
রিপোর্টার: মিল্টন পাল