
সিঙ্গুরে শিল্প আসছেই। গাড়ি শিল্পই। তবে ন্যানোর মতো চারচাকা নয়। সিঙ্গুরে হতে পারে ট্রাক কারখানা। আজ অর্থাত্ শনিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ফের জানালেন, সিঙ্গুরে অশোক লেল্যান্ডের কারখানার বিষয়েই পরিকল্পনা এগোচ্ছে। ট্রাক কারখানা হবে।
অশোক লেল্যান্ডের কারখানা সিঙ্গুরে
বিধানসভা ভোটের আগে বিজেপি-র প্রচারের অন্যতম পয়েন্ট ছিল, সিঙ্গুরে শিল্প। প্রথমে যদিও টাটা গোষ্ঠীকে ফেরানোর চেষ্টা হবে বলে জানিয়েছিল বিজেপি নেতৃত্ব। কিন্তু এখন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানাচ্ছেন, সিঙ্গুরে শিল্প ফেরাতে ভারী বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা অশোক লেল্যান্ডের সঙ্গে প্রাথমিক ভাবে কথা। রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় আগেই জানিয়েছিলেন, সিঙ্গুর নিয়ে তাঁদের বিশেষ পরিকল্পনা রয়েছে।
আমি নিশ্চিত একটা কিছু তো করব সিঙ্গুরে: শুভেন্দু
সিঙ্গুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েও সেখানে শিল্পের সম্ভাবনার বিষয়ে জোরাল দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘সিঙ্গুরে তো কিছু একটা করবই। এ ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে।’ সে দিন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সিঙ্গুরের পাশেই রয়েছে জাতীয় সড়ক, ডানকুনি শিল্পতালুক। কাছেই রয়েছে কলকাতা। গঙ্গা। আগামী দিনে বিরাট শিল্প সম্ভাবনা রয়েছে এই সিঙ্গুর থেকেই। বলেছিলেন, ‘সিঙ্গুরবাসীর অনেক স্বপ্ন ছিল যে এখানে কারখানা তৈরি হবে। কারখানার জমিগুলি সব নষ্ট হয়ে গিয়েছে। এখানে সর্ষের বীজ ছড়িয়েও সর্ষে হয়নি। হয়নি মাছচাষও। এই সব জমিতে রড সিমেন্ট ঢুকে আছে। জমির চরিত্র বদলে গিয়েছে। সিঙ্গুরের বেকার যুবকেরা কাজ চান, পরিবেশবান্ধব শিল্প চান। আমি নিশ্চিত একটা কিছু তো করব সিঙ্গুরে। রাজ্য সরকারের পরিকল্পনা আছে। আপনাদের প্রত্যাশা আমরা পূরণ করব।'
সিঙ্গুর আন্দোলন একটি বড় ঐতিহাসিক ভুল: মদন
অন্যদিকে সপ্তাহ দুয়েক আগে সিঙ্গুরে টাটাদের ফিরিয়ে দেওয়ার আন্দোলনকে ঐতিহাসিক ভুল বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা রাজনৈতিক সঙ্গী মদন মিত্র। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে মদন দাবি করেন, 'সিঙ্গুর আন্দোলন একটি বড় ঐতিহাসিক ভুল। ওখানে অশোক লেল্যান্ড এলে খুব ভাল হবে। সিঙ্গুর আন্দোলন জনগণের নিম্ন মধ্যবিত্ত লোকেদের স্বপক্ষে একটা অন্তত প্রগতিশীল আন্দোলন নয়, বরং ক্ষতি করে দিয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে এই ব্যাপারটা নতুন করে ভাবা দরকার।'