
দলের কর্মীদের অপমান করতেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়! ভরা সভায় দলীয় নেতা আচ্ছেলালকেও অপমান করেছিলেন বলে অভিযোগ। আর তাই প্রতিবাদে দাড়ি রেখেছিলেন আচ্ছেলাল যাদব। ২০২১ সাল থেকে দাড়ি রাখা শুরু করেছিলেন তিনি। মনে মনে শপথ নিয়েছিলেন সাংসদকে যেদিন যোগ্য জবাব দিতে পারবেন, সাংসদের দম্ভ যেদিন ভাঙতে পারবেন সেদিন দাড়ি কামাবেন। তাঁর দাবি তিনি এতদিনে রাজনীতিতে সফল। তাই আজ সেই দিন।
রবিবার কোন্নগর কানাইপুরের এই নেতা তাঁর দাড়ি কামিয়ে ফেললেন। গত ৫ বছর ধরে বড় হওয়া প্রায় এক ফুটের দাড়ি কামিয়ে ফেললেন এই BJP নেতা। ছাব্বিশের বিধানসভা ভোটে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের BJP-র দীপাঞ্জন চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছেন উত্তরপাড়া থেকে। এতেই কল্যাণের হার দেখছেন অনেকে। আচ্ছেলাল যাদব কিছুদিন আগেও তৃণমূলে ছিলেন। কানাইপুরের প্রধান হয়েছেন, শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হয়েছেন। দলের জেলা কমিটির পদেও ছিলেন। মূলত কোন্ননগর উত্তরপাড়ায় রাজনীতি করলেও জেলায় তাঁর প্রভাব ছিল ভালই। তাঁর ভাই দিলীপ যাদব এখনও তৃণমূলে আছেন। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান তিনি।
উত্তরপাড়ায় এক কর্মিসভায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তীব্র বাকবিতন্ডায় জড়িয়েছিলেন আচ্ছেলাল যাদব।কানাইপুরে পঞ্চায়েতে জিতলেও লোকসভা ও বিধানসভায় হার হয় তৃণমূলের। সেই নিয়ে সাংসদের রোষের মুখে পড়েন তৎকালীন তৃণমূল প্রধান আচ্ছেলাল। এরপরই তিনি প্রতিজ্ঞা করেন সাংসদকে জবাব দিতে হবে। উত্তরপাড়ায় তৃণমূল কল্যাণ পুত্রকে টিকিট দিতেই নির্বাচনের ঠিক আগে BJP-তে যোগ দেন আচ্ছেলাল যাদব। আর উত্তরপাড়ায় সাংসদ পুত্র হারতেই দাড়ি কামিয়ে প্রতিজ্ঞা পূরণ করলেন তিনি।
রিপোর্টার: পার্থ রাহা