
রাজ্যে ক্ষমতার মসনদে বসেছে বিজেপি। এবার গ্রাম পঞ্চায়েতের দখল নিল গেরুয়া শিবির। পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ পঞ্চায়েত প্রধানদের ক্ষমতা কাটছাঁট করতেই পদত্যাগ করলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের প্রধান, উপপ্রধান-সহ তৃণমূল কংগ্রেসের কয়েককজন সদস্য। অভিযোগ, প্রধান মদন ঘোষ ও উপপ্রধান চম্পা বিশ্বাস বেশ কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত। দুজনেই কৃষ্ণগঞ্জ বিডিওর কাছে গিয়ে নিজেদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পাশাপাশি আরও বেশ কয়েকজন তৃণমূল পঞ্চায়েত সদস্যও পদত্যাগ করেন।
উল্লেখ্য, কৃষ্ণগঞ্জে গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২৩ । গত পঞ্চায়েত নির্বাচনে ১২টিতে তৃণমূল কংগ্রেস, ১০টিতে বিজেপি ও একটিতে নির্দল প্রার্থী জয়লাভ জয়লাভ। তৃণমূলের পক্ষ থেকে মদন ঘোষকে প্রধান নির্বাচিত করা হয়। উপপ্রধান হিসাবে নির্বাচিত হন চম্পা বিশ্বাস।
অভিযোগ, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান বেশিরভাগ সময় অনুপস্থিত থাকছিলেন। এদিকে ইতিমধ্যেই রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়ে দেন, অর্থ সংক্রান্ত বিষয়ের দায়িত্ব পঞ্চায়েত প্রধানদের কাছ থেকে নিয়ে সেক্রেটারিদের উপর দেওয়া হয়েছে। মন্ত্রীর নির্দেশ দায়িত্ব পান প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারিরা। আর এই ঘটনা সামনে আসতেই প্রধান এবং উপপ্রধান বিডিওর কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন।
এরপর নিয়মমাফিক কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন করার প্রক্রিয়া শুরু হলেও তৃণমূলের কোনও প্রতিনিধি উপস্থিত হননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে পঞ্চায়েতের দখল নেয় বিজেপি। প্রধান নির্বাচিত হয়েছেন পরিতোষ বিশ্বাস ও উপপ্রধান নির্বাচিত হয়েছেন কবিতা বিশ্বাস।
নবনির্বাচিত বিজেপির প্রধান পরিতোষ বিশ্বাসের কাছে তৃণমূলের প্রধান ও উপপ্রধানের পদত্যাগের প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রধানের অর্থকরী দপ্তরটি সরকারের আধিকারিকদের হাতে দেওয়াতেই তারা বুঝতে পেরেছেন কোনোওভাবেই আর অর্থ তছরুপ করা যাবে না। সেই জন্যই তাঁরা পদত্যাগ করেছেন। পাশাপাশি পরিতোষবাবু আরও জানান, তিনি প্রধান নির্বাচিত হয়েছেন, তিনি জনগণের জন্য কাজ করবেন। -সুরজিৎ দাস