
ফের রাজ্যে খুন এক বিজেপি কর্মী। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের হাতিহালকা এলাকায় দুষ্কৃতীদের হামলার জেরে মৃত্যু হল এক বিজেপি কর্মীর। জানা গিয়েছে, শনিবার সকালে কদমতলা বাজারে চা-এর দোকানে গিয়ে বসা মাত্রই হামলা করা হয় BJP কর্মীদের উপর। ঘটনায় মৃত ব্যক্তির নাম সামশের বিশ্বাস (৪০)। তিনি বিজেপির সোশ্যাল মিডিয়া কর্মী ছিলেন। খড়্গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওই এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, স্থানীয় বিজেপি নেতা জাফর বিশ্বাস। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ভাইপো সামশের ও আরও কয়েক জন বিজেপি কর্মী। অভিযোগ, তাঁরা চায়ের দোকানে বসার সঙ্গে সঙ্গেই কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি লাঠি ও ছুরি নিয়ে আচমকা হামলা চালায়। পরিস্থিতি আরও খারাপ হতে দেখে জাফর কোনওভাবে সেখান থেকে পালিয়ে যেতে পারলেও, সামশের ফাঁদে পড়ে যান।
অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করার পর ছুরি দিয়ে কোপানো হয়। ঘটনার CCTV ফুটেজও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দুষ্কৃতী তাণ্ডবের পর কোনও রকমে ঘটনাস্থল থেকে সামশেরকে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনা প্রসঙ্গে, খড়্গপুর গ্রামীণ মণ্ডল সভাপতি সন্দীপ করণ বলেন, "আমাদের বিজেপি নেতাকে আক্রমণের চেষ্টা করা হয়েছিল। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকে খুন করা হয়েছে। বিজেপি এই ধরনের ঘটনা মেনে নেবে না। হামলাকারীরা নব্য বিজেপি সদস্য হতে পারে বা তৃণমূলের সঙ্গে যুক্ত হতে পারে, অথবা অন্য কোনও পারিবারিক বিষয়ও হতে পারে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।"