
ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! এবার দলেরই এক মণ্ডল সভাপতির সঙ্গে নিজের বিধানসভা এলাকাতেই তর্কে জড়ালেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ব্যারাকপুর ঘোষপাড়া রোডে ছট পুজোর শাড়ি বিলি করতে এসে বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক। তাঁকে ঘিরে 'চোর চোর' শ্লোগান দেওয়ার অভিযোগও ওঠে। এমনকি উভয়পক্ষ পরস্পরকে 'পাগল' বলেও দাবি করেন বলে অভিযোগ।
কী নিয়ে বিতর্কের সূত্রপাত?
শনিবার BJP বিধায়ক কৌস্তভ বাগচি অভিযোগ করে জানান, ব্যারাকপুরের ঘোষ পাড়া রোডের উপর দীর্ঘদিন ধরে বেআইনি গ্যাস ও সাট্টার ঠেকের রমরমা চলছিল। তিনি দাবি করেন, ওই বেআইনি গ্যাস ব্যবসা চলছিল ব্যারাকপুরের ২ নম্বর মণ্ডলের বিজেপির সাধরণ সম্পাদক সঞ্জয় যাদবের মদতে। বিষয়টি নিজে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান কৌস্তভ। সেখানে দাঁড়িয়েই টিটাগড় থানার পুলিশকেও খবর দেন তিনি। ঘটনায় ৪জনকে গ্রেফতার করে পুলিশ।
এরপর সেখান থেকে বিজেপি বিধায়ক বেরিয়ে যাওয়ার সময়, ঘোষপাড়া রোডের উপর বিজেপি নেতা সঞ্জয় যাদবের নেতৃত্বে বিধায়ককে ঘিরে চলে বিক্ষোভ। 'চোর চোর' স্লোগান দেওয়ার পাশাপাশি ওঠে 'গো ব্যাক' শ্লোগানও। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিধায়ক এবং মন্ডল সভাপতির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সঞ্জয় ও তাঁর দলবল বিধায়ককে মনীশ শুক্লার হত্যাকারী বলেও স্লোগানও দিতে থাকে।
উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার গো ব্যাক স্লোগান দেওয়া হল বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচিকে। গত ৩০ অক্টোবর নীলগঞ্জের কৃষি ও পাট গবেষণা কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিধায়ক। সেখানে বিধায়কের গাড়ি ঘিরে শুরু হয় ‘গো ব্যাক’ স্লোগান। দীর্ঘক্ষণ ধরে চলে অবস্থান বিক্ষোভ।