Advertisement

Nadia News: নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুন, গাড়ি আটকে গুলিবৃষ্টি করে দুষ্কৃতীরা

ফের রাজ্যে রাজনৈতিক হিংসার অভিযোগ। এবার নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে মৃত্যু হল কংগ্রেস নেতা ও তাঁর ছেলের।

দুষ্কৃতী হামলায় ছেলে-সহ নিহত কংগ্রেস নেতাদুষ্কৃতী হামলায় ছেলে-সহ নিহত কংগ্রেস নেতা
Aajtak Bangla
  • কৃষ্ণনগর,
  • 16 Aug 2026,
  • अपडेटेड 1:40 PM IST
  • নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়ে প্রাণ গেল কংগ্রেস নেতার।
  • একইসঙ্গে নিহত হয়েছে তাঁর ছেলেও।
  • স্বাধীনতা দিবসের সন্ধ্যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ফের রাজ্যে রাজনৈতিক হিংসা। এবার নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়ে প্রাণ গেল কংগ্রেস নেতার। একইসঙ্গে নিহত হয়েছে তাঁর ছেলেও। শনিবার, স্বাধীনতা দিবসের সন্ধ্যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, নিহত কংগ্রেস নেতার নাম আনিসুর রহমান। তিনি  প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা নদিয়া জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন।  শনিবার সন্ধ্যায় চার চাকা গাড়ি করে ছেলে আবু সুফিয়ানকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, বেথুয়া-ডহরি রেলগেটের কাছে গাড়ি আসতেই তাঁদের গাড়ি আটকে ধরে দুষ্কৃতীরা। গাড়ি লক্ষ্য করে পরপর চালানো হয় গুলি। এরপর মৃত্যু নিশ্চিত করতে ছেলে ও বাবাকে গাড়ি থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ।

গুলির শব্দে স্থানীয়রা চলে এলে চম্পট দেয় অভিযুক্তরা। তড়িঘড়ি আনিসুর ও আবু সুফিয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন।  খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে, স্থানীয় কংগ্রেস কর্মী ও নিহতদের পরিবারের দাবি, তৃণমূলের তরফেই এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। খরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী জুব্বার শেখ ও তার দলবলের দিকে খুনের অভিযোগ তোলা হয়েছে। পরিবারের অভিযোগ, রাজনৈতিক কারণেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।  যদিও, জুব্বার শেখ বর্তমানে জেলে রয়েছেন। পরিবারের দাবি, তার অনুগামীরাই এই কাণ্ড ঘটিয়েছে।

যদিও অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। হামলার নেপথ্যে কারা রয়েছে, কী কারণে খুনের ঘটনা ঘটল, তা নিয়ে এখনও মুখ খুলতে চায়নি পুলিশ।


 

Read more!
Advertisement
Advertisement