
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে উপকূলের দিকে। এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে। তবে বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার, ১৯ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আকভান-এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কেমন থাকবে আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।
ঘর্ণিঝড় আকভান নিয়ে IMD আপডেট
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র ঘূর্ণিঝড় 'আকভান' (Akvan) ২০ নভেম্বর দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ–ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূলের মাছিলিপত্তনম ও পুরীর মধ্যবর্তী কোনও স্থান দিয়ে অতিক্রম করতে পারে। এই সময়ে বাতাসের সম্ভাব্য গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০–১০০ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকালে আরও শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়টি। শুক্রবার দুপুরের দিকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে । সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার এবং দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছোতে পারে। ঘূর্ণিঝড় আকভানের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা।
বাংলার কোন কোন জেলায় বৃষ্টি?
ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকেই বদলাতে শুরু করেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ মেঘলা হচ্ছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার দু-একটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবারও দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আগামী কয়েকদিন বিশেষ করে উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার ইঙ্গিত রয়েছে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
ঘূর্ণিঝড় আকভানের কারণে পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের জন্য ১৯ ও ২০ তারিখ সতর্কতা জারি করা হয়েছেষ পাশাপাশি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মৎস্যজীবীদের ২০ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কলকাতায় বৃহস্পতিবার কেমন থাকবে আবহাওয়া?
আগামীকাল কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব অনেকটাই কম থাকার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং-সহ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও অধিকাংশ জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। ভারী বৃষ্টির কোনও উল্লেখযোগ্য পূর্বাভাস আপাতত নেই।
বাড়বে তাপমাত্রা
আকভানের প্রভাবে উত্তুরে হাওয়া প্রবেশের বাধা পড়েছে। ফলে তাপমাত্রার পারদ এখনই নামছে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় ফিরবে গুমোট অস্বস্তি। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে গত কয়েক দিনের হালকা শীতের আমেজ অনেকটাই উধাও হওয়ার আশঙ্কা। শনিবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। সূর্যের দেখা পাওয়া যাবে না। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শনিবার পর্যন্তই। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি ঘটবে। রবিবারের পর থেকে তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে।