
নির্বাচনের ফল ঘোষণা হতেই তৃণমূলের পরাজয় হওয়ার পরেই পশ্চিম মেদিনীপুরের অন্যান্য স্থানের সঙ্গে গড়বেতা এলাকাতেও একাধিক তৃণমূলের কার্যালয়ে তালা ঝুলে গিয়েছে। এমন বন্ধ থাকা তৃণমূলের একটি পার্টি অফিস থেকে বিভিন্ন সামগ্রী সরানো হচ্ছিল। সন্দেহ হতেই ওই অফিসের ভিতরে ঢুকে একাধিক জিনিস উদ্ধার করলেন BJP কর্মীরা। দেখা গেল অফিসের ভিতরে থাকা আলমারির মধ্যে রয়েছে শত শত ভোটার কার্ড, জব কার্ড, অনেকের বাড়ির দলিল। যা নিয়ে উত্তেজনা ও চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হতেই সেখানে পৌঁছে যায় গড়বেতা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রবিবার ১৭ মে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত ছোট তাড়া মধ্যবুথ TMC কার্যালয়ে।
স্থানীয় BJP-র সাধারণ সম্পাদক বাপন মল্লিক বলেন, 'বন্ধ থাকা এই তৃণমূলের কার্যালয় থেকে হঠাৎ দেখলাম তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্ন জিনিসপত্র টোটোতে করে নিয়ে যাচ্ছে। আমাদের সন্দেহ হয়। আমরা তাই এসে এই কার্যালয় খুলে সমস্ত জিনিসপত্র পরীক্ষা করতে দেখা যায় ধরে ধরে সাজানো রয়েছে ভোটার কার্ড আধার কার্ড। আমরা এর আগেই অভিযোগ করেছিলাম, যে বিভিন্ন লোকের ভোটার কার্ড, জব কার্ড, তৃণমূলের নেতারা রেখে বিভিন্ন দুর্নীতিমূলক কাজকর্মগুলো করে। আজকে সেটা প্রমাণ হল। এখনও আলমারির একটা অংশ খোলা যায়নি। সেটা খুলতে পারলে হয়তো আরও কিছু কেচ্ছা বেরোবে ওদের।'
একই রকম বক্তব্য আরও অন্যান্য BJP কর্মীদের। তাঁদের দাবি, 'ভুয়ো ভোটার রাজ্যে রয়েছে সেটা আগেই BJP বলেছিল। তাই ভুয়ো সেই সমস্ত কার্ড নিজেদের কাছে রেখে বিভিন্ন অবৈধ কাজ কর্মের সঙ্গে জড়িত ছিল তৃণমূলের নেতারা। সেই সব প্রমাণ পাওয়া যাচ্ছে এখানে।'
ঘটনার পরে এলাকা থেকে ফেরার হয়ে গিয়েছেন অনেক তৃণমূলের নেতাকর্মীরা। তদন্তে হাজির হয় পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানে উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনী। তবে এই বিষয় নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছে। কারণ BJP-র দাবি সমস্ত কার্যালয়েতেই তৃণমূলের এই ধরনের জিনিসপত্র পাওয়া যাবে।
রিপোর্টার: সুজাতা মেহেরা