
পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ। লোহার রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধরের জেরে মৃত্যু হল ৩৫ বছর বয়সি এক বিজেপি কর্মীর। মৃতের নাম শ্যাম কুমার দাস। তিনি পাণ্ডবেশ্বর বিধানসভার ৪ নম্বর মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ মৃতের পরিবারের।
বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের ফরিদপুর থানার অন্তর্গত জব্বরপল্লি এলাকায়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের জমি বিবাদ থেকেই এই হামলা।
কীভাবে ঘটল এই ঘটনা?
মৃতের বাবা পরিমল দাসের অভিযোগ, অজয় নন্দী ও বিজয় নন্দীর সঙ্গে শ্যাম দাসের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। সেই পুরনো বিবাদ থেকেই দু'পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধারালো অস্ত্র, লোহার রড ও বাঁশ নিয়ে শ্যামের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় শ্যামকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
হামলার নেপথ্যে রাজনৈতিক যোগের অভিযোগ
এই ঘটনার পিছনে রাজনৈতিক যোগ রয়েছে বলেও অভিযোগ তুলেছে মৃতের পরিবার। তাঁদের দাবি, অভিযুক্তরা তৃণমূল কংগ্রেসের কর্মী। অন্যদিকে, বিজেপির স্থানীয় নেতৃত্বও এই ঘটনায় রাজনৈতিক যোগের অভিযোগ সামনে এনেছে।
মণ্ডল তিনের সভাপতি তারকনাথ ধীবর প্রশ্ন তুলেছেন, জমি মাফিয়া বলে পরিচিত এবং একদা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বাপি সরকার খুনের রাতে ওই এলাকায় কী করছিলেন? তাঁর দাবি, শ্যাম দাসের উপর হামলার সময় বাপি সরকার অভিযুক্তদের সঙ্গে একই জায়গায় ছিলেন। তবে বাপি সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করা যায়নি। এই বিষয়ে তাঁর বক্তব্যও পাওয়া যায়নি।
দু'জন আটক, একজনের খোঁজে তল্লাশি
ইতিমধ্যেই এই ঘটনায় ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার রড উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রসূন পাণ্ডে ও বিজয় নন্দীকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্ত অজয় নন্দী এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলার প্রকৃত কারণ কী, কারা এই ঘটনায় সরাসরি জড়িত এবং এর পিছনে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।