
সেনা আধিকারিক পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। মুর্শিদাবাদের নবগ্রামে যৌথ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল নবগ্রাম থানার পুলিশ ও কলকাতার আর্মি ইন্টেলিজেন্স। ধৃতের নাম তরুণ দাস। তিনি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি এলাকার বাসিন্দা। ধৃতকে সোমবার লালবাগ মহকুমা আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণ নিজেকে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এবং মিলিটারি ইন্টেলিজেন্সের উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দিতেন বলে অভিযোগ। সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে সেনাবাহিনীর পোশাক পরতেন তিনি। ব্যবহার করতেন জাল পরিচয়পত্রও। অভিযোগ, সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিলেন অভিযুক্ত
পুলিশ সূত্রে খবর, তরুণ দাসের সন্দেহজনক কার্যকলাপের উপর বেশ কিছুদিন ধরেই নজর রাখছিল মিলিটারি ইন্টেলিজেন্সের একটি দল। নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাতে নবগ্রাম থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালানো হয়। সেই অভিযানেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
গাড়ি থেকে উদ্ধার সরকারি স্টিকার, ওয়াকিটকি ও জাল পরিচয়পত্র
অভিযুক্তের কাছ থেকে একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই গাড়িতে ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ লেখা স্টিকার লাগানো ছিল বলে জানা গিয়েছে। এছাড়াও তল্লাশি চালিয়ে তিনটি ওয়াকিটকি, একাধিক মোবাইল ফোন, জাল পরিচয়পত্র, সন্দেহজনক নথি এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
এই প্রতারণার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা। কীভাবে তিনি সেনা আধিকারিকের পরিচয় ব্যবহার করতেন, কতজনের কাছ থেকে টাকা নিয়েছেন এবং এই ঘটনায় অন্য কারও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।