Advertisement

আর্থিক প্রতারণার অভিযোগ, আমতায় তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর স্থানীয়দের

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তরুণ দলুই আবাস যোজনার টাকা এবং জব কার্ডের মজুরির টাকা আত্মসাৎ করেছেন। দিনের পর দিন প্রতারণা করে গিয়েছেন কাশমুলি পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী।

তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর
Aajtak Bangla
  • হাওড়া ,
  • 17 May 2026,
  • अपडेटेड 5:40 PM IST
  • রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের অনেক নেতা-নেত্রীকে জনরোষের মুখে পড়তে হচ্ছে
  • কোথাও কোথাও তাঁদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে বলেও অভিযোগ

রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের অনেক নেতা-নেত্রীকে জনরোষের মুখে পড়তে হচ্ছে। কোথাও কোথাও তাঁদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে বলেও অভিযোগ। সেই তালিকায় সংযোজন এবার হাওড়ার আমতা। 

আমতা বিধানসভার অন্তর্গত কাশমুলি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে আজ রবিবার হামলা চালান গ্রামবাসীরা। ওই প্রধানের নাম তরুণ দলুই। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বাড়িতে ভাঙচুর চালানো হয়, ভেঙে ফেলা হয় বাড়ির বাইরে থাকা জিনিসপত্র। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তরুণ দলুই আবাস যোজনার টাকা এবং জব কার্ডের মজুরির টাকা আত্মসাৎ করেছেন। দিনের পর দিন প্রতারণা করে গিয়েছেন কাশমুলি পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী। বিভিন্ন কারণে সাধারণ মানুষকে হয়রানির শিকার করা হয়েছে। 

স্থানীয়দের আরও দাবি, জব কার্ড ও আবাস যোজনার টাকা দেওয়ার নামে তাঁদের কাছে মোটা টাকা নিয়েছেন তরুণ দলুই। দিনের পর দিন প্রধানের বাড়ি ঘুরেও টাকা বা জব কার্ড মেলেনি। অনুনয় বিনয়েও কাজ হয়নি। 

তারই প্রতিবাদে আজ সকালে সেই তরুণ দলুইয়ের বাড়িতে জড়ো হন এলাকার লোকজন। প্রধানের বাড়িতে ভাঙচুর শুরু হয়। বাড়ির জানলা, এসি, সিসিটিভি সব ভেঙে ফেলা হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে জয়পুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। এই প্রসঙ্গে ফোনে হাওড়া গ্রামীণ পুলিশের সুপার সুবিরমল পাল জানান, জব কার্ড সংক্রান্ত একটি বিবাদকে কেন্দ্র করে স্থানীয় মানুষজন পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা চালিয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ আইনি পদক্ষেপ শুরু করেছে।

Read more!
Advertisement
Advertisement