
দুর্নীতির অভিযোগে বন্ধ পোশাক কারখানা। যার জেরে থানা ঘেরাও করলেন কর্মহীন শত শত শ্রমিক। ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাটে।
জানা গিয়েছে, বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা সংলগ্ন আটাপাড়া এলাকায় একটি পোশাক তৈরির কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন শত শত শ্রমিক। ফলে পুজোর আগে অনিশ্চয়তার মুখে পড়েছে ওই সমস্ত শ্রমিকদের পরিবার। যার জেরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে কাজ হারানো শ্রমিকদের মধ্যে।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই কারখানায় কাজ করতেন কয়েকশো শ্রমিক। সম্প্রতি কারখানার কয়েকজন উচ্চপদস্থ দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। যার জেরে কারখানার মালিক আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েন বলেও অভিযোগ। এরপরই কারখানাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি শ্রমিকদের। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এক ধাক্কায় কাজ হারালেন ওইসব শ্রমিকরা।
কাজ হারানো শ্রমিকদের বক্তব্য, কারখানার উপার্জনের উপর নির্ভর করেই তাঁদের সংসার চলতো। পাশাপাশি কারখানাকে কেন্দ্র করে পরিবহণ, ছোট ব্যবসা-সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষেরও রুজি রোজগার নির্ভরশীল। ফলে কারখানা বন্ধের প্রভাব সরাসরি এবং পরোক্ষভাবে পড়েছে বহু পরিবারের উপর।
সামনেই দুর্গাপুজো। আর তার আগে কাজ হারিয়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। অবিলম্বে কারখানা পুনরায় চালু করে তাঁদের কাজে ফেরানোর দাবি জানিয়ে আটাপাড়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। পরে তাঁরা মাটিয়া থানার সামনেও বিক্ষোভ দেখান। শ্রমিকদের দাবি, কারখানা বন্ধের কারণ যাই হোক না কেন, তাঁদের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা করে দ্রুত কারখানা চালু করার উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে দুর্নীতিতে যারা যুক্ত তাদের পাকড়াও করে টাকা উদ্ধার করে কারখানা পুরনায় চালু করার দাবি জানান তাঁরা।
-তপন মণ্ডল