Advertisement

West Bengal Weather Forecast : দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টির দাপট, কতদিন চলবে-কোন কোন জেলায় ভারী বর্ষণ?

ফের ব্যাপক বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজ্যের বিভিন্ন জেলায়। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। আর কোন কোন জেলায় কেমন বর্ষণ?

পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2026,
  • अपडेटेड 7:31 PM IST
  • পশ্চিমবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির মূল কারণ একাধিক আবহাওয়া ব্যবস্থা
  • দক্ষিণবঙ্গের সব জেলাতেই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি

ফের অবিরাম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস নিম্নচাপ, অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ৭ থেকে ৯ সেপ্টেম্বর এবং উত্তরবঙ্গে ৬ থেকে ৮ সেপ্টেম্বর বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

পশ্চিমবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির মূল কারণ একাধিক আবহাওয়া ব্যবস্থা। দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং আগামী ২৪ ঘণ্টায় সেটি পূর্ব-উত্তরপূর্ব দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যা উত্তর ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এই নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গে বাতাসে জলীয় বাষ্পের জোগান ও অস্থিরতা বাড়ছে। এর ফলেই আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

৬ সেপ্টেম্বর রাত থেকে ৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার এক বা দু'টি জায়গা। 

৭ সেপ্টেম্বর সকাল থেকে ৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত: সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে।

সোমবারই বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনও কোনও অংশে দমকা হাওয়া হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দু'টি জায়গায় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। 

Advertisement

৮ সেপ্টেম্বর সকাল থেকে ৯ সেপ্টেম্বর সকাল পর্যন্ত: মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই দিনে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

৯ সেপ্টেম্বর সকাল থেকে ১০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত: দক্ষিণবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার এক বা দু'টি জায়গায় ৭-১১ সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে।

১০ সেপ্টেম্বর সকাল থেকে ১১ সেপ্টেম্বর সকাল পর্যন্ত: দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

১১ সেপ্টেম্বর সকাল থেকে ১৩ সেপ্টেম্বর সকাল পর্যন্ত: দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আরও বেশি বৃষ্টি

উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন বৃষ্টির দাপট থাকতে পারে। বিশেষ করে আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

৬ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত: উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারের এক বা দু'টি জায়গায় ৭-২০ সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির এক বা দু'টি জায়গায় ৭-১১ সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দু'টি জায়গায় বজ্রপাত, বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হতে পারে।

৭ সেপ্টেম্বর সকাল থেকে ৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত: উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারের এক বা দু'টি জায়গায় ৭-১১ সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দু'টি জায়গায় বজ্রপাত, বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হতে পারে।

৮ সেপ্টেম্বর সকাল থেকে ৯ সেপ্টেম্বর সকাল পর্যন্ত: উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, মালদহ ও আলিপুরদুয়ারের এক বা দু'টি জায়গায় ৭-১১ সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে।

এদিনও উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দু'টি জায়গায় বজ্রপাত, বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর সকাল পর্যন্ত: উত্তরবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর সকাল পর্যন্ত: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে অধিকাংশ জায়গায় এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের এক বা দু'টি জায়গায় ৭-১১ সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে কী কী সমস্যা হতে পারে?

বৃষ্টির সঙ্গে বজ্রপাতের কারণে বিশেষ করে খোলা জায়গায় বিপদের আশঙ্কা রয়েছে। নিচু এলাকায় জল জমতে পারে। পাশাপাশি মাঠে থাকা ফসল ও উদ্যানজাত ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতরের পরামর্শ, বজ্রঝড়, বজ্রপাত বা প্রবল বৃষ্টির সময় নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না। দুর্বল কাঁচা বাড়িতে থাকা এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলতে বলা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে।

উত্তরবঙ্গেও জল জমার আশঙ্কা

উত্তরবঙ্গে বজ্রপাতের পাশাপাশি নিচু এলাকা এবং আন্ডারপাসে সাময়িক জল জমতে পারে। মাঠে থাকা ফসল ও উদ্যানজাত ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে। বজ্রঝড়, বজ্রপাত বা প্রবল বৃষ্টির সময় নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় না নেওয়া এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলতে বলা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে।

Advertisement

সব মিলিয়ে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দুই অংশেই বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গে ৬-৮ সেপ্টেম্বর এবং দক্ষিণবঙ্গে ৭-৯ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরও ১০-১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে।

Read more!
Advertisement
Advertisement