Advertisement

Bengal Weather Alert: নিম্নচাপ সরল ওড়িশায়, আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরে, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

গভীর নিম্নচাপ দুর্বল হয়ে গিয়েছে। তবে আজ বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হয়েছে। এদিকে আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ফলে আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

কেমন থাকবে ২৩ জেলার ওয়েদার? কেমন থাকবে ২৩ জেলার ওয়েদার?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jul 2026,
  • अपडेटेड 11:27 AM IST


গভীর নিম্নচাপ দুর্বল হয়ে গিয়েছে। তবে আজ বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হয়েছে। এদিকে আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ফলে আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

নিম্নচাপের বর্তমান পরিস্থিতি
গভীর নিম্নচাপ আগেই দুর্বল হয়েছিল। সেই নিম্নচাপ আরও দুর্বল হয়ে এই মুহূর্তে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের ওপর অবস্থান করছে। IMD জানিয়েছে, উত্তর ওড়িশার অভ্যন্তরীণ এলাকা এবং সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের ওপর অবস্থানরত গভীর নিম্নচাপটি  গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ৭ কিমি গতিতে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আজ, ২৯ জুলাই ২০২৬-এ ভারতীয় সময় ভোর ৫:৩০-এ একই অঞ্চলে—২১.৯° উত্তর অক্ষাংশ ও ৮৪.০° পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি—অবস্থান করছিল। এই অবস্থানটি ঝারসুগুড়া (ওড়িশা) থেকে প্রায় ১০ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, সম্বলপুর (ওড়িশা) থেকে ৫০ কিমি উত্তরে, রায়গড় (ছত্তিশগড়) থেকে ৬০ কিমি পূর্বে, রাউরকেলা (ওড়িশা) থেকে ১০০ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং বিলাসপুর (ছত্তিশগড়) থেকে ১৯০ কিমি পূর্বে। আগামী ২৪ ঘণ্টায় এর উত্তর ওড়িশার অভ্যন্তরীণ এলাকা এবং উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে মোটামুটি পশ্চিম দিকে অগ্রসর হতে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে অগ্রসর হবে । মৌসুমী অক্ষরেখা বর্তমানে পিলানি, হামিরপুর, ডালটনগঞ্জ হয়ে গভীর নিম্নচাপের কেন্দ্র অতিক্রম করে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।  ফলে বুধবারও সমুদ্র এবং সমুদ্র সংলগ্ন উপকূলের জেলাগুলিতে দমকা ঝোড়ো বাতাস এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে । আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। তবে  নিম্নচাপের প্রভাব কমে আসায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দাপট থেমেছে। তবে বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।

Advertisement

দক্ষিণবঙ্গের আবহাওয়া
 দক্ষিণবঙ্গে আজ বুধবার ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে । তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০  কিলোমিটার গতিবেগে বাতাস বইবে বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও মেঘলা আকাশ, আবার কোনও জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজ থেকে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে উপরের দিকের জেলাগুলিতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা চলবে সোমবার পর্যন্ত। আজ, বুধবার  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা সামান্য কমতে পারে। তিন জেলাতে হলুদ সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার ও সোমবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার পরিস্থিতি
কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাই তাপমাত্রা বেশি না থাকলেও সামান্য অস্বস্তি হতে পারে । আজ, বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.০ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ৪.৮ মিলিমিটার। এদিকে শহরে আপেক্ষিক আর্দ্রতা বাড়তেই নতুন করে ভ্যাপসা গরম অনুভব হতে শুরু করেছে। 

নতুন করে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হয়নি
বর্তমানে বঙ্গোপসাগরে  নতুন করে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হয়নি। মৌসম ভবনের পর্যবেক্ষণ, উত্তর বঙ্গোপসাগরে ছড়ানো মেঘ ছাড়া সংগঠিত কোনও নিম্নচাপ নেই বর্তমানে।  ফলে আপাতত নতুন কোনও শক্তিশালী আবহাওয়া সিস্টেম তৈরির সম্ভাবনা নেই। তবে বর্তমান নিম্নচাপের টেনে আনা জলীয় বাষ্পের জেরে আগামী কয়েকদিন দেশের পূর্ব ও পূর্ব-মধ্য অংশের মতো পশ্চিমবঙ্গেও মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টি বজায় থাকবে।

Read more!
Advertisement
Advertisement