Advertisement

Heavy Rain Orange Alert: আরও ভারী বৃষ্টির পূর্বাভাস, ৮ জেলায় অরেঞ্জ অ্যালার্ট, দুর্যোগ কতদিন চলতে পারে?

দুপুর গড়াতেই আবহাওয়ার বড় পরিবর্তন। কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ। সেইসঙ্গে প্রবল বৃষ্টি। ঝেঁপে বৃষ্টি শুরু হয় জেলায় জেলায়ও। আগামী কয়েক ঘণ্টায় প্রবল ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি সহ ৬ জেলায়।

প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাসপ্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jun 2026,
  • अपडेटेड 3:44 PM IST

দুপুর গড়াতেই আবহাওয়ার বড় পরিবর্তন।  কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ। সেইসঙ্গে প্রবল বৃষ্টি। ঝেঁপে বৃষ্টি শুরু হয় জেলায় জেলায়ও। আগামী কয়েক ঘণ্টায় প্রবল ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি সহ ৬ জেলায়।

জারি হয়েছে কমলা সতর্কতা
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২টো বেজে ৪০ মিনিট থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যেই হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই তিন জেলাতেও কমলা সতর্কতা রয়েছে। আজ, মঙ্গলবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

দক্ষিণবঙ্গে এই সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?
আগামিকাল বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি
উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামিকাল বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে এবং আগামী বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুরে।

Advertisement

কলকাতার আবহাওয়া
মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। হাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ। তবে  বিকেল ৩টের পর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড় শুরু হয়। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য বৃষ্টি থামলে হালকা আর্দ্রতাজনিত অস্বস্তি তৈরি হতে পারে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া কতদিন?
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ এবং অনুকূল বায়ুপ্রবাহের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স সংলগ্ন এলাকায়। এদিকে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, কোথাও কোথাও ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া অস্থির থাকার ইঙ্গিত মিলেছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পরিস্থিতি এবং দক্ষিণবঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনা মাথায় রেখে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ জুন থেকে ২৮ জুন পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়াও থাকতে পারে।

Read more!
Advertisement
Advertisement