
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পের প্রবেশ এবং অনুকূল বায়ুপ্রবাহের জেরে গোটা বাংলাতেই বৃষ্টি চলছে। এই পরিস্থিতিতে বুধবার থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। কতদিন চলবে এই বৃষ্টি? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের লেটেস্ট আপডেট।
হাওয়া অফিস যা জানাচ্ছে
বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং বর্ষাকালীন অক্ষরেখার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দুপুরে ভারী বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আজ, মঙ্গলবারও এমনই থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত বৃষ্টির দাপট অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য। হাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থানের বিকানের থেকে শুরু করে দিল্লি, লখনউ, পাটনা হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি, রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও সক্রিয়। এই দুই ওয়েদার সিস্টেমের প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতাও। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ‘কমলা’ ও ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় 'লাল সতর্কতা' জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মঙ্গলবার ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে। এই জেলাগুলির কিছু কিছু জায়গায় চরম ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। এর পাশাপাশি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
কলকাতার পরিস্থিতি
সোমবারের পর মঙ্গলবারও ভিজবে মহানগর। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কাজের দিনে এই ভারী বৃষ্টির জেরে চরম ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ। বৃষ্টির পাশাপাশি শহরে ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে। মঙ্গলবার শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ থাকতে পারে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে ।