
গত ১৫ জুন থেকে ৩ দিনের জন্য জনকল্যাণ শিবির শুরু করেছে BJP সরকার। পূর্বের তৃণমূল প্রশাসনের 'দুয়ারে সরকার'-এর ধাঁচে এই শিবির চলছে রাজ্যের প্রতিটি জেলায়। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির ফর্ম বিলি, বিস্তারিত তথ্য প্রদান হচ্ছে এই ক্যাম্পগুলিতে। জেলায় জেলায় উপচে পড়েছে জনতার ভিড়। আর সে কারণেই ৩ দিনের বদলে আরও একদিন বাড়ানো হল এই শিবিরের মেয়াদ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার ফলতার একটি জনকল্যাণ শিবিরের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, ১৮ জুন পর্যন্ত বাড়ানো হল জনকল্যাণ শিবিরের মেয়াদ।
গোটা রাজ্যে মোট ১১০০ শিবিরের আয়োজন করা হয়েছে। পুরসভা এলাকায় ১০টি ওয়ার্ডের জন্য একটি শিবির হচ্ছে। গ্রামের দিকে আবার ৭টি গ্রাম পঞ্চায়েতের জম্য একটি শিবির করা হচ্ছে। কোনও ব্লকে ৮টা গ্রাম পঞ্চায়েত থাকলে করতে হচ্ছে ২টি শিবির। অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান প্রকল্প সহ একাধিক সামাজিক সুরক্ষা বিষয়গুলি নিয়ে সকাল থেকেই লম্বা লাইন দেখা যাচ্ছে এই শিবিরগুলিতে। একাধিক প্রকল্পের ফর্ম পূরণ, নথিভুক্তিকরণ ও যাচাইয়ের কাজ সম্পন্ন হচ্ছে সেখানে।
সে কারণেই ১৮ জুন, বৃহস্পতিবার পর্যন্ত এই জনকল্যাণ শিবিরগুলি চলবে বলে জানাল সরকার। জানা গিয়েছে, জনকল্যাণ শিবিরে এখনও পর্যন্ত ২৬ লক্ষ ১১ হাজার ২২২ মানুষ নিজের নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে মহিলাদের সংখ্যা অনেকটাই বেশি।
এই শিবির থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ স্কিমে আবেদন করার সুযোগ মিলছে। এখানে পড়ুয়া থেকে মহিলা, কৃষক, সকলেই আবেদন করতে পারছেন। সকাল ১০টা থেকে শুরু হচ্ছে এই শিবির। এটা চলছে বিকেল ৫টা পর্যন্ত। এই শিবিরে এসে প্রথমে আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করাতে হচ্ছে। তারপর নির্দিষ্ট পরিষেবা মিলছে বলে জানা গিয়েছে।