
তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। কখনও প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে নিয়ে রসিকতা থেকে সংসদে দাঁড়িয়ে ‘ছু কিত কিত’ মন্তব্য। আবার যৌথ সংসদীয় কমিটির বৈঠকে কাচের বোতল ছুঁড়ে বিতর্কে নাম জড়ান। এছাড়া বিরোধী রাজনীতিকদের আক্রমণেও তাঁর জুড়ি মেলা ভার। সেই দুঁদে আইনজীবী তথা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দুর্গাপুজোয় হাউহাউ করে কাঁদতে দেখা গিয়েছিল। শ্রীরামপুরেই যে আবাসনে থাকেন সেই গঙ্গা দর্শন আবাসনের পুজোতে সন্ধিপুজো শেষে কেঁদে ভাসান তিনি। এবার কালীপুজোতেও একই ভূমিকায় দেখা গেল কল্যাণকে।
বাঁকুড়ার দোলতলার আদি বাড়ির কালীপুজোয় অংশ নেন সাংসদ। নিজে হাতে পুজোর সরঞ্জাম জোগাড় করেন। আরতিও করেন। নিজের হাতে কালীপুজোও করেন। পুজোর পর অবশ্য আবেগপ্রবণ হয়ে পড়েন সাংসদ। দেবী প্রতিমাকে জড়িয়ে ধরে কাঁদেন তিনি। কান্নাভেজা গলায় 'ভবতারিণী মা, জয় তারা,' ধ্বনি দিতেও শোনা গিয়েছে তাঁকে। বছরের পর বছর তাঁর কান্নার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঠিক এবারেও সমান ভাইরালে সাংসদের কান্না।
কেন কাঁদলেন? ব্যাখ্যা দিলেন কল্যাণ
কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, 'মা তুমি বিচার করে নিও মা। তুমি তোমার মতো করে বিচার করে নিও। মানুষকে শান্তিতে থাকতে দাও। মা…মা আমার…সবাইকে শান্তিতে থাকতে দাও। যাঁরা পুজো করতে দেয়নি তাঁদের তুমি ছেড়ো না।' পরে কল্যাণ বলেন, 'মায়ের কাছে ভক্তি, শক্তি শান্তি চাই। মা সবাইকে ভাল রাখুন। মানুষ ভালো নেই। শান্তিতে থাকতে দিন তাঁদের। যে সমস্ত বাতাবরণ বাংলার শান্তি কেড়েছে, যে দানব বাংলার শান্তি কেড়েছে। আজ মা যেন দানব গুলোকে বধ করে।'
কী বলছেন কল্যাণ?
বাড়িতে মা কালীর প্রতিমার সামনে হাউহাউ করে কান্নায় ভেঙে পড়েন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ৷ বলেন, 'বাংলার মানুষ শান্তিতে নেই। যে সব দানবগুলি 6 মাস ধরে বাংলার শান্তি কেড়ে নিয়েছে তাদের বধ করে দাও মা।'দুর্গাপুজোর সময়কার ক'য়েকটি ঘটনার প্রসঙ্গ তুলেও সরব হন তিনি । পুজো করা নিয়েও তাঁকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল বলে দাবি করেন। কল্যাণবলেন, 'একটা পাপী উপরে বসে আছে। তার জন্যেই দুর্গাপুজোয় অর্থাৎ চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টে ১৯ জন মানুষ মারা গিয়েছে।' সাংসদের কথায়, 'ওই দানবগুলি বলেছিল আমায় পুজো করতে দেবে না। ওরা বলেছিল কোনও পুজো মণ্ডপে গেলে আমাকে গ্রেফতার করবে। তা সত্বেও মায়ের ইচ্ছায় আমি পুজো করেছি। মা যেন এই সব দানবদের শাস্তি দেয়।'