
বিরিয়ানি খেলে হিন্দু দোকান থেকে খেতে হবে। শিলিগুড়িতে দেওয়ালে দেওয়ালে হিন্দু জাগরণ মঞ্চের পোস্টার ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, কে কোথা থেকে কিনে কী খাবে, তা কোনও সংগঠন ঠিক করতে পারে না। এমনকী রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষের বাড়ির সামনেও এই পোস্টার পড়েছে। এ বার এই ইস্যুতে মুখ খুললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
বিরিয়ানি পোস্টার বিতর্কে মুখ খুললেন মিঠুন
তৃতীয়ার দিন উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় একটি পুজো উদ্বোধনে গিয়েছিলেন মিঠুন। ‘আমরা সবাই ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশনে’র এই পুজো উদ্বোধনে মঞ্চে তাঁকে সিনেমার জনপ্রিয় ডায়লগ বলতেও দেখা যায়। সেখানেই তাঁকে শিলিগুড়ির বিরিয়ানি পোস্টার নিয়ে প্রশ্ন করা হয়। তাত্পর্যপূর্ণ ভাবে হিন্দু জাগরণ মঞ্চের ওই পোস্টারকে ঘুরিয়ে সমর্থনই করলেন মিঠুন। তাঁর উত্তর, 'যে যেরকম ভাবে ভাববে, সেভাবে দেশ চলবে। ওরা যদি ভেবে থাকে, হবে।'
শিলিগুড়িতে বিরিয়ানি পোস্টার বিতর্ক ঠিক কী?
শিলিগুড়ি শহরে একাধিক জায়গায় পোস্টার দেখা যায়, 'বিরিয়ানি খান, কিন্তু হিন্দু দোকান থেকে।' হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন এই পোস্টারগুলি লাগিয়েছে। কোথাও লেখা, পুজোর সামগ্রী কিনতে হবে হিন্দু দোকান থেকেই। কোনওটায় আবার বিরিয়ানি কোথা থেকে খাবেন, তা নিয়ে বার্তা দেওয়া হয়েছে। শিলিগুড়ির হিন্দু জাগরণ মঞ্চের সহ সংযোজক সৌমিক বসুর কথায়, 'হিন্দুদের স্বাবলম্বী করার বার্তা যদি মানুষের মধ্যে দিয়ে থাকি, সেক্ষেত্রে আমার মনে হয় বিতর্কিত কোনও অবস্থার সৃষ্টি কোনওভাবেই করে না।'
পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত, দাবি অশোকের
শিলিগুড়ির প্রাক্তন মেয়র ও একদা রাজ্যের মন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, 'এটা একটা জঘন্যতম। কে কী খাবেন, কে কী পরবেন, কে কোন দোকান থেকে জিনিসপত্র কিনবেন সেটা সম্পূর্ণভাবে তাঁর নিজের ব্যাপার। পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত।'