
‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’, ‘তোলাবাজি বরদাস্ত নয়’। বাংলায় নতুন সরকার ক্ষমতায় আসার এই ৬ মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী থেকে বিজেপির রাজ্য সভাপতির মুখে বারবার শোনা গিয়েছে এই হুঁশিয়ারি। তারপরেও বেপরোয়া প্রতারকরা! এবার খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করেই তোলাবাজির অভিযোগ উঠল। স্বয়ং শুভেন্দু অধিকারীর নাম কাজে লাগিয়ে ৬ কোটি টাকার তোলাবাজি করে এক বিজেপি নেতা বলে অভিযোগ। ধৃত ওই বিজেপি নেতার নাম অভিজিৎ করণ। তিনি আবার শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেরই বাসিন্দা।
কে এই অভিজিৎ করণ?
জানা যাচ্ছে অভিজিৎ করণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেরই দাপুটে বিজেপি নেতা। দলের মণ্ডল কমিটির সহ সভাপতি। শুধু তাই নয়, নয়াদিল্লিতে বিজেপি দফতরেও ওই বিজেপি নেতার অবাধ যাতায়াত। একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। সেই সুবাদেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে চাকরি থেকে কাজের বরাতের ‘টোপ’ দিয়ে ৬ কোটি টাকা হাতিয়ে নেয়।
পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর
নন্দকুমার থানার চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা অভিজিৎ করণ। তিনি বিজেপির নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ সভাপতিও। অভিজিৎ করণের এই কুকীর্তির খবর সম্প্রতি কানে যায় শুভেন্দু অধিকারীর। তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন। অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন পুলিশ সুপারকে। ইতিমধ্যে শীর্ষ নেতৃত্বের নির্দেশে গত ১১ নভেম্বর অভিজিতের বিরুদ্ধে নন্দকুমার থানায় এফআইআর করেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য রিপুঞ্জয় প্রামাণিক। অভিযোগ, তাঁকে বিধানসভা ভোটে প্রার্থী করে দেওয়ার লোভ দেখিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়েছেন মণ্ডল কমিটির ওই নেতা। শনিবার অভিজিৎকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে পূর্ব মেদিনীপুর সিজেএম কোর্টে পেশ করা হলে দু’দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
কী বলছেন অভিজিৎ করণ?
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিজিৎ করণ। আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘আমাকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। ছ’কোটি টাকা তোলাবাজির অভিযোগ একদম ঠিক নয়।’
কী কী অভিযোগ অভিজিৎ করণের বিরুদ্ধে?
নন্দকুমার থানা এলাকার চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা অভিজিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন বিজেপি নেতা রিপুঞ্জয় প্রামাণিক। তাঁর অভিযোগের ভিত্তিতে নন্দকুমার থানায় অভিজিতের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। নন্দকুমার পঞ্চায়েত সমিতির সদস্য রিপুঞ্জয়ের অভিযোগ, বিধানসভায় প্রার্থী করার টোপ দিয়ে তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকা হাতিয়েছিলেন অভিজিৎ। বিজেপি নেতার অভিযোগের সূত্র ধরে অভিজিৎকে গ্রেফতার করে পুলিশ। তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রিপুঞ্জয় প্রামাণিকের দাবি, ‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর নাম ভাঙিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তুলেছেন আমাদের ওই গুণধর নেতা। আমাকে বিধানসভা ভোটে প্রার্থী করানোর লোভ দেখিয়ে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন। একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, এমনকি সর্বভারতীয় নেতা সুনীল বনসলের সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন। তারপর কলকাতার হোটেলে ১২ লক্ষ টাকা নিয়েছেন। একই ধাপ্পা দিয়ে খঞ্চির আর এক নেতার কাছ থেকে ছ’লক্ষ টাকাও নিয়েছেন।’ জানা গিয়েছে, চকশিমুলিয়া গ্রামের এই বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির পুরানো অভিযোগ ছিলই। সম্প্রতি উত্তরবঙ্গের অনেকেই প্রতারিত হওয়ার পর যোগাযোগ করেছিলেন স্থানীয় বিধায়ক ও রাজ্য নেতৃত্বের সঙ্গে। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়। তিনি সব শুনে চমকে যান। সঙ্গে সঙ্গে পুলিশ সুপারকে ব্যবস্থা নিতে নির্দেশ পাঠান। শনিবার বিকালে কাঁথির বাড়ি থেকে কলকাতায় যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয় থেমেছিল নন্দকুমারে। সেখানকার ওসি দিলীপকুমার গুপ্তার কাছে অভিজিতের বিষয়ে খবর নেন শুভেন্দু অধিকারী।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, নন্দকুমারের চকশিমুলিয়া গ্রামের ওই বিজেপি নেতার দিল্লিতে বিজেপির সদর দফতরে যাতায়াত ছিল। তার বিরুদ্ধে টাকা তোলার পুরনো অভিযোগও ছিল। তবে, গুরুত্বপূর্ণ বিষয়, একাধিক বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগও রয়েছে। আপাতত অভিজিৎ করণের গ্রেফতারি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নন্দকুমারে।