
বিধানসভা ভোটের প্রচারে ঝাড়গ্রামে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় কনভয় থামিয়ে খেয়েছিলেন ঝালমুড়ি। যা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই ঝালমুড়ি দোকানিই এখন বিপাকে। জনপ্রিয়তাই যেন কাল হল বিক্রম সাউয়ের! প্রাণনাশের হুমকি ফোন আসছে তাঁর মোবাইলে। এমতাবস্থায় বিক্রমের বাড়ি ও দোকানের সামনে মোতায়েন করা হল কেন্দ্রীয় বাহিনী।
গত ১৯ এপ্রিল ঝাড়গ্রামে নির্বাচনী জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সভা সেরে ফেরার পথে কনভয় থামিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন। রাতারাতি ভাইরাল হন ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউ। সেই বিক্রমের অভিযোগ, গত কয়েক দিন ধরে পাকিস্তান ও বাংলাদেশ থেকে অনবরত হুমকি ফোন এবং ভিডিও কল আসছে। দেওয়া হচ্ছে প্রাণে মেরে ফেলার হুমকি। এমতাবস্থায় তাঁর নিরাপত্তায় দোকান ও বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।
ফোন নম্বর ট্র্যাক
হুমকি ফোনের অভিযোগ আসতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। তড়িঘড়ি বিক্রমের সুরক্ষায় কড়া পদক্ষেপ করা হয়েছে। যে সমস্ত আন্তর্জাতিক নম্বর থেকে হুমকি ফোনগুলি আসছিল, সেগুলি ট্র্যাক করার কাজ শুরু করেছে প্রশাসন।
কী বলছেন বিক্রম সাউ?
তাঁর কথায়,'আমি একজন সাধারণ দোকানদার। রাজনীতির সঙ্গে আমার কোনও যোগ নেই। প্রধানমন্ত্রী আমার দোকানে এসেছিলেন, সেটা আমার কাছে সম্মানের। কিন্তু এখন যেভাবে পাকিস্তান ও বাংলাদেশ থেকে ফোন করে আমাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমার পুরো পরিবার আতঙ্কে'।