
দুর্গাপুজোয় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং যাতায়াতের সুবিধার জন্য অতিরিক্ত ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন চালিয়েছিল পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া ডিভিশন। দুর্গাপুজোর কয়েকদিন রাত জেগে ঠাকুর দেখে বাড়ি ফিরতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার দীপাবলির আগে কালীপুজো স্পেশাল ট্রেনের ঘোষণা করল রেল।
নাইট স্পেশাল ট্রেন
রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূ্র্ব রেল। সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শিয়ালদা শাখায় আগামী ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর আপ ও ডাউনে মোট ৬ জোড়া বাড়তি ট্রেন চলবে। জানানো হয়েছে, কালীপুজো উপলক্ষ্যে শিয়ালদা থেকে নাইট স্পেশাল ট্রেন চালানো হবে। তাছাড়া, নৈহাটি, বারাসতে যাত্রীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা রাখা হচ্ছে।
কোন কোন রুটে স্টেশাল ট্রেন?
রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা, ডানকুনি, বারাসত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট এবং ব্যারাকপুর শাখায় কালীপুজো চলাকালীন অতিরিক্ত ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন। একনজরে দেখে নিন সেই সময়সূচি –
নাইট স্পেশাল ডাউন ট্রেনও চালানো হবে শিয়ালদহ শাখায়-
ডানকুনি-শিয়ালদা: রাত ১১.৫৫
বারাসত-শিয়ালদা: রাত ১.১০
বনগাঁ-বারাসত: রাত ১১
হাসনাবাদ-বারাসত: রাত ১১.৩০
রানাঘাট-শিয়ালদা: রাত ১১.৪৫
ব্যারাকপুর-শিয়ালদা: রাত ১.২৫
ছাড়াও, উৎসবের সময় অতিরিক্ত ভিড় সামাল দিতে রানাঘাট এবং বারাসতে একটি করে EMU রেক স্ট্যান্ডবাই রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এই স্ট্যান্ডবাই রেক ব্যবহার করে অতিরিক্ত ট্রেন চালানো হবে। কালীপুজোর দিন মেইন লাইনে এসি লোকালও চলবে বলে জানানো হয়েছে।
নৈহাটিতে বিশেষ প্ল্যাটফর্মে
শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, আলোর উৎসবে যাত্রীদের আনন্দ ও সুরক্ষার কথা মাথায় রেখে বেশ রাত পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশেষ ১২টি ট্রেন প্রত্যেক স্টেশনে থামবে, কোনও গ্যালপিং থাকবে না। আর এই বিশেষ ট্রেনগুলি চালানোর জন্য নৈহাটি জংশনের ট্রেন চলাচলে কিছুটা বদল ঘটানো হয়েছে। ৮ থেকে ১৩ নভেম্বর দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত নৈহাটির ১ নং প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন পাওয়া যাবে না। ৫ ও ৬ নং প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল করবে।
বারাসত-নৈহাটি যেতে গভীর রাতেও লোকাল ট্রেন
আগামী রবিবার কালীপুজো। আর কালীপুজোয় বারাসত ও নৈহাটির খ্যাতি কে না জানে? এসব জায়গায় কালীপুজোর মণ্ডপ-প্রতিমার মতোই চোখধাঁধানো আলোকসজ্জা আকর্ষণীয়। তার টানে অনেকে বহু দূরদূরান্ত থেকে কালীপুজো দেখতে আসেন দর্শনার্থীরা। তাঁদের সুবিধায় এবার রাতভর এসব রুটে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূ্র্ব রেল। শুধু এই দুই জায়গাই নয়, আশপাশের মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, শ্যামনগরের শক্তি আরাধনাও বেশ বিখ্যাত। তাই ওই অঞ্চলেও বেশ ভিড় হয়। তাই সকলে যাতে নিরাপদে অনেক রাত পর্যন্ত নিশ্চিন্তে ঠাকুর দেখতে পান, সেকথা মাথায় রেখে পূর্ব রেল এবার বাড়তি উদ্যোগ নিল। কালীপুজো ও দীপাবলি উপলক্ষে ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত রাতে অতিরিক্তি স্পেশাল ট্রেন চালানো হবে।