
দক্ষিণ ২৪ পরগনা থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। সন্দেশখালি থেকে শাহজাহান শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনজনকে গ্রেফতারের পরই এই অস্ত্র উদ্ধার করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কুমরোখালি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।
STF সূত্রে খবর, প্রথমে সন্দেশখালি থেকে লুৎফর মোল্লা, খোকন মোল্লা এবং রমজান আলি মোল্লাকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই দক্ষিণ ২৪ পরগনার কুমরোখালি এলাকায় তল্লাশি চালানো হয়। সেই তল্লাশি অভিযান থেকে খনও পর্যন্ত প্রায় ২৯টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলির মধ্যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে বলে STF সূত্রের দাবি।
তদন্তকারীদের মতে, ধৃত তিনজনই তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের ঘনিষ্ঠ সহযোগী। উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোন জায়গা থেকে আনা হয়েছিল এবং এগুলি কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
কুর্নিশ জানালেন শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গ পুলিশের STF-এর এই কাজকে কুর্নিশ জানালেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট বার্তায় মুখ্যমন্ত্রী জানান, "শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে STF। এই সফল অভিযানের জন্য আমি ডিজিপি, পশ্চিমবঙ্গ পুলিশ, এসটিএফ দল এবং বসিরহাট থানার কর্মীদের দ্রুত পদক্ষেপ এবং পারস্পরিক সমন্বয়ের ভূয়সী প্রশংসা করছি।"
একইসঙ্গে শুভেন্দু জানান, "আগের সরকারের আমলে এই ধরনের অবৈধ অস্ত্র মজুত করা হত। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য ব্যবহার করা হত। এই হিংসার সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো অসংখ্য বিরোধী দলের কর্মী, বিশেষ করে বিজেপি কর্মীদের জীবন এরা কেড়ে নিয়েছে। তবে সেই অন্ধকার দিন শেষ হয়েছে। আমাদের সরকার আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারে নিঃশর্তভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা পশ্চিমবঙ্গের সব জায়গায় অবৈধ আগ্নেয়াস্ত্র খুঁজে বের করার কাজ চালিয়ে যাবো। রাজ্য থেকে অপরাধমূলক ও রাজনৈতিক সন্ত্রাস পুরোপুরি নির্মূল করা হবে।"