Advertisement

Purulia Crime: পুরুলিয়ায় আদিবাসী নাবালিকাকে ৪ জন মিলে গণধর্ষণ? নৃশংস ঘটনায় গ্রেফতার ৬

Purulia Rape Crime: ফের রাজ্যে গণধর্ষণের ঘটনা। এবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুর এলাকায়। যাত্রা দেখে ফেরার পথে এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

Aajtak Bangla
  • রঘুনাথপুর ,
  • 17 Nov 2026,
  • अपडेटेड 9:39 AM IST
  • এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য।
  • ঘটনায় ৬ অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।
  • ওই আদিবাসী নাবালিকা রবিবার রাতে এলাকারই একটি যাত্রার অনুষ্ঠানে গিয়েছিল।

রবিবার রাতে পুরুলিয়া জেলায় ভয়াবহ ঘটনা। এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল জেলার কাশীপুর থানা এলাকায়। ঘটনায় ৬ অভিযুক্তের মধ্যে প্রথমে ৪ জনকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। পরে বাকি আরও ২ জনকে পাকড়াও করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই আদিবাসী নাবালিকা রবিবার রাতে এলাকারই একটি যাত্রার অনুষ্ঠানে গিয়েছিল। প্রায় ভোর রাত পর্যন্ত চলছিল যাত্রা। সেখান থেকে ফেরার পথেই তাঁকে ৬ জন গণধর্ষণ করে বলে অভিযোগ।

নাবালিকা বাড়ি পৌঁছে পরিবারের কাছে সব কিছু জানালে থানায় অভিযোগ দায়ের করা হয়। মোট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এর মধ্যে মধ্যে চারজনকে গতকাল রাতেই পাকড়াও করে পুলিশ। খোঁজ চলছিল অপর ২ জনেরও। অবশেষে মঙ্গলবার তাদেরও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই নাবালিকার শারীরিক পরীক্ষা হয়ে গিয়েছে। মঙ্গলবারই ৬ অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। এদিন ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে হাজির করানো হবে।

উল্লেখ্য, রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই ধর্ষণের বিষয়ে কঠোর মনোভাব দেখিয়েছে রাজ্য সরকার। সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন এ বিষয়ে কোনও রেয়াত করা হবে না। এমনকি গত ৫ মাসে একাধিক ক্ষেত্রে অভিযুক্তের এনকাউন্টারের ঘটনাও সামনে এসেছে। এরইমধ্যে রবিবার রাতে পুরুলিয়ায় ঘটে গেল এই গণধর্ষণের ঘটনা। 

সম্প্রতি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'ধর্ষণ, খুন বা মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় ব্যবস্থা নিতে পুলিশের হাত খুলে দিয়েছি। ধর্ষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে ছাড়' দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এবার পুরুলিয়ার ঘটনায় পুলিশ কতটা সক্রিয় ভূমিকা দেখায়, সেদিকে নজর রয়েছে রাজ্যবাসীর। 

 

Read more!
Advertisement
Advertisement