
বৃষ্টি চলতেই থাকবে। তাও আবার আগামী ৭ দিন ধরে। পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস সাতদিন ধরে বর্ষণ চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কোথাও ভারী থেকে অতি ভারী আবার কোনও কোনও জেলায় হাল্কা থেকে মাঝারি।
আবহাওয়া দফতর জানিয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। তার জেরেই এই বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান জানান, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাস্প প্রবেশ করছে রাজ্যে। তার জেরে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতায় বৃষ্টি হয়েছে। তবে এখনই থামবে না। হাল্কা থেকে ভারী বৃষ্টি হবে শহরে।
বুধবারের বৃষ্টির পূর্বাভাস: হাওয়া অফিস জানিয়েছে, বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে হাওড়া, বাঁকুড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া এবং কলকাতায়। অন্য জেলাগুলিতেও ভারী বৃষ্টি হবে। বুধবারের পর বৃহস্পতি থেকে বৃষ্টি সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার : বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হবে বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে। আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে থাকবে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে। তবে একেবারে বন্ধ হয়ে যাবে না। অর্থাৎ কোনও কোনও এলাকায় স্বল্প সময়ের জন্য বৃষ্টি হলেও সব জায়গায় একসঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়বে
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টি ভোগাবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় টানা কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার উত্তরবঙ্গের পরিস্থিতিতে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকা এবং ডুয়ার্স সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা কমতে পারে। পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির ফলে স্থানীয়ভাবে রাস্তা এবং যোগাযোগ ব্যবস্থার উপরও প্রভাব পড়তে পারে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার এবং শনিবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।