Advertisement

Tarakeswar Receive Award: রাজ্যে সবচেয়ে পরিষ্কার তারকেশ্বর, রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে দিল্লিতে অগ্নিমিত্রা

পশ্চিমবঙ্গের ১৩০টি শহরের মধ্যে জাতীয় স্তরে পুরস্কার পেল তারকেশ্বর। তারকেশ্বর পুরসভাকে ‘অ্র্যাওয়ার্ডি সিটি’ হিসাবে স্বীকৃতি দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার। আজ দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ‘স্বচ্ছ সর্বেক্ষণ’-এর অনুষ্ঠানে এই পুরস্কার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে নিতে চলেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

রাজ্যের ১৩০ শহরের মধ্যে একনম্বরে তারকেশ্বররাজ্যের ১৩০ শহরের মধ্যে একনম্বরে তারকেশ্বর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2026,
  • अपडेटेड 11:34 AM IST

পশ্চিমবঙ্গের ১৩০টি শহরের মধ্যে জাতীয় স্তরে পুরস্কার পেল তারকেশ্বর। তারকেশ্বর পুরসভাকে ‘অ‌্যাওয়ার্ডি সিটি’ হিসাবে স্বীকৃতি দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার। আজ দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ‘স্বচ্ছ সর্বেক্ষণ’-এর অনুষ্ঠানে এই পুরস্কার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে নিতে চলেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

স্বচ্ছতার নিরিখেই এই পুরস্কারের তালিকায় নাম উঠেছে রাজ্যের অন্যতম তীর্থক্ষেত্র তারকেশ্বরের। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যকে জানানো হয়েছে, তারকেশ্বর শহর স্বচ্ছতার দিক থেকে এই পুরস্কার পাচ্ছে। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর চিঠি দিয়ে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলকে এই সুখবর জানিয়েছেন। প্রসঙ্গত, দীর্ঘ ১০ বছর ধরে এই স্বচ্ছ সর্বেক্ষণে অংশ নেয়নি পশ্চিমবঙ্গ। দেশের অন্যান্য শহরের সঙ্গে প্রতিযোগিতায় পরিচ্ছন্নতার নিরিখে পিছিয়ে ছিল রাজ্যের শহরগুলি। বাংলার রাশ বিজেপি সরকারের হাতে যাওয়ার পরই পরিস্থিতি  বদলাতে উদ্যোগী হয় প্রশাসন। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পলের দাবি, গত কয়েক মাসে একাধিক সংশোধনমূলক পদক্ষেপের ফলে রাজ্যের অধিকাংশ শহরকে এবারের সমীক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। তারই স্বীকৃতি হিসেবে জাতীয় স্তরে পুরস্কার পেল তারকেশ্বর। 

 

তারকেশ্বরের এই গৌরবময় সম্মান অর্জনের জন্য অগ্নিমিত্রা পাল সমাজমাধ‌্যমে জেলা প্রশাসন, পুরসভা এবং এর সঙ্গে যুক্ত প্রত্যেককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন , 'পুরস্কার আনতে দফতরের প্রধান সচিবও যাবেন ৷ এছাড়া নিচুতলায় যাঁরা কাজ করেছেন সেই তারকেশ্বর মিউনিসিপ্যালিটি ও সেখানকার প্রশাসনিক আধিকারিকরাও পুরস্কার আনতে যাচ্ছেন।'

উল্লেখ্য, স্বচ্ছ সর্বেক্ষণে দেশের বিভিন্ন শহরের পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক পরিষেবার মতো একাধিক মাপকাঠিতে মূল্যায়ন করা হয়। ১৫০টিরও বেশি পরিচ্ছন্নতা সংক্রান্ত সূচকের ভিত্তিতে এই সমীক্ষা হয়। প্রসঙ্গত, বিখ্যাত শ্রাবণী মেলা চলাকালীন লক্ষ লক্ষ মানুষের জনসমাগম সামলে যে ভাবে তারকেশ্বর শহর ও মন্দির চত্বরকে আবর্জনামুক্ত রাখা হয়েছিল, তারই ফলশ্রুতি এই জাতীয় সম্মান।   তারকেশ্বরের বাসিন্দা, সাফাই কর্মী থেকে পুরকর্মীদের শুভেচ্ছা জানিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, এই পুরস্কার শহরের নাগরিক ও পুরকর্মীদের পরিশ্রমের ফল।

Advertisement

কী কী উদ্যোগ নেওয়া হয়েছিল এবারের শ্রাবণী মেলায়
১৫০০ মেট্রিক টনের বেশি বর্জ্য অপসারণ। মেলা চলাকালীন ৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য সংগ্রহ করা হয়। সেই বর্জ্য বৈদ্যবাটি রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারে পাঠানো হয়েছিল ৷ এই কাজে ১৮০ জন সাফাইকর্মী নিয়োগ হন। দিনরাত দু'টি শিফটে কাজ করেন সাফাইকর্মীরা। তারকেশ্বর শহরকে ১০টি জোনে ভাগ করা হয়েছিল। ১৪ জন সুপারভাইজারের অধীনে পরিচ্ছন্নতার কাজ চলে। মন্দির এলাকায় বিশেষ পরিচ্ছন্নতায় নজর দেওয়া হয়। মন্দির চত্বরে প্রতিটি শিফটে ৫০-৬০জন কর্মী কাজ করেন। প্লাস্টিকের ঘট, ফুল-বেলপাতা ও অন্যান্য বর্জ্য সরানো হয়। দুধপুকুরও পরিষ্কার রাখা হয়। এইভাবেই শ্রাবণী মেলা ও তারকেশ্বর শহরকে পরিচ্ছন্ন রাখা হয়েছিল। লক্ষাধিক মানুষের জনসমাগমে পরিচ্ছন্ন রাখাটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল প্রশাসনের কাছে। কিন্তু সেই চ্যালেঞ্জ উতরে দেয় সঠিক পরিকল্পনা। আর সেই পরিকল্পনার কারণেই স্বচ্ছতার নিরিখে তারকেশ্বর কেন্দ্রীয় পুরস্কার পেতে চলেছে।

Read more!
Advertisement
Advertisement