Advertisement

সুন্দরবন আলাদা জেলা হবে, চলবে সোলার নৌকা, ঢালাও প্রাপ্তি ম্যানগ্রোভ-ভূমের

জলপথে যোগাযোগ ব্যবস্থাকে সুগম করার পাশাপাশি সুন্দরবনে গড়ে তোলা হবে সুপার স্পেশালিটি হাসপাতাল। রাজ্যের এই ব-দ্বীপ এলাকার জন্য আর কী কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

বাজেটে সুন্দরবনের জন্য বড় ঘোষণাবাজেটে সুন্দরবনের জন্য বড় ঘোষণা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 5:15 PM IST
  • চলবে সোলার নৌকো, ৬০ কিমি বাঁধে বিশেষ ব্যবস্থার আশ্বাস।
  • সুন্দরবনে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে।
  • আলাদা জেলা হিসেবে গড়ে তোলা হবে সুন্দরবন।

বাজেটে সুন্দরবনের জন্য একাধিক ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাংলার দক্ষিণপ্রান্তে থাকা এই বিশাল ভূমিভাগের উন্নতি সাধন প্রাকৃতিক অবস্থানের কারণে বরাবরই কঠিন। তবে সেই চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা দেখালো রাজ্যের নতুন সরকার। সুন্দরবনের জন্য একাধিক খাতে বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ করার প্রস্তাব দিলেন স্বপন দাশগুপ্ত। পাশাপাশি, সুন্দরবনকে আলাদা জেলা করা হবে বলেও প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী।

পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬ থেকে সুন্দরবন কী কী পেল? দেখে নেওয়া যাক

সুন্দরবনে জলপথ যোগাযোগে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। সুন্দরবনের দুর্গম দ্বীপাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, "সুন্দরবনের বাস্তুতন্ত্র অত্যন্ত ভঙ্গুর এবং জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র-এর দিক থেকে অত্যন্ত সংকটময়। এই স্থানে অনেক প্রান্তিক মানুষের বাস। এই অঞ্চলে ১০৪টি দ্বীপের মধ্যে ৫৪টিতে মানুষ বসবাস করে। এই দ্বীপগুলিতে শিক্ষা, স্বাস্থ্য এবং জীবিকা অর্জনের মত পরিষেবা পৌঁছে দিতে একাধিক উদ্যোগ নেওয়া হবে।"

জলপথে যোগাযোগ ব্যবস্থাকে সুগম করে তুলতে সৌরচালিত নৌকার ব্যবহার উৎসাহিত করা হবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, সৌরচালিত নৌকার ব্যবহারের ফলে যাত্রী পরিবহণে কার্বন ফুটপ্রিন্ট কমানো সম্ভব হবে।

এছাড়াও, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ফান্ড সহায়তায় ১,৩৫৩ কোটি টাকা প্রকল্পমূল্যে 'আপার ডেল্টা সুন্দরবন প্রজেক্ট' চালু করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে মরা নদীখাতগুলি খনন করে মূল নদীগুলির যুক্ত করা হবে যাতে এই সব নদীতে জলের সরবরাহ বৃদ্ধি পায়। পাশাপাশি ইছামতী ও হুগলি নদীর ভাঙনের ঝুঁকিপূর্ণ অংশে ভাঙন রোধের কাজ করা হবে এবং কলকাতা ও সংলগ্ন শহরতলির নিকাশি ব্যবস্থার উন্নতি করা হবে।

অন্যদিকে,  ওয়ার্ল্ড ব্যাঙ্কের ফান্ড সহায়তায় ৪,১০০ কোটি টাকা প্রকল্প মূল্যে 'Lower Sundarban Sustainably Harnessing Ocean Resource and Economy' (SHORE) Project চালু করার প্রস্তাব করেন স্বপন দাশগুপ্ত। অর্থমন্ত্রী জানান, এই প্রকল্পের লক্ষ্য হল সুন্দরবন এলাকার বাঁধগুলিকে প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং স্থানীয় মানুষের জন্য জীবিকার সুযোগ করে দেওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দরবন এলাকার প্রায় ৬০ কিমি বাঁধ প্রকৃতিনির্ভর প্রযুক্তি ব্যবহার করে পুনর্নির্মাণ করার উদ্দেশ্যে সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম হিসাবে আনুমানিক ১,০০০ কোটি টাকা প্রকল্প ব্যয়ে Sundarban Embankment Reconstruction Project (Phase II) বাস্তবায়িত  করার কথাও বলেন রাজ্যের অর্থমন্ত্রী।

Advertisement

এছাড়াও, এদিন সুন্দরবনে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার প্রস্তাবও রাখলেন স্বপন দাশগুপ্ত। বস্তুত সুন্দরবন প্রাকৃতিক ভাবে অত্যন্ত রূঢ় হওয়ায় এই এলাকায় চিকিৎসা ব্যবস্থা মোটেই স্বাভাবিক অবস্থায় নেই। জরুরি অবস্থায় চিকিৎসা পেতে কালঘাম ছোটে আমজনতার। ফলে এই সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হলে সাধারণ মানুষের সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে বলেই মনে করা হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement