
গোটা রাজ্য জুড়েই বর্ষার দাপট অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী শনিবার ১৫ অগাস্ট, দেশের স্বাধীনতা দিবস। এদিনও কী বৃষ্টি হবে জেলায় জেলায়? সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।
হাওয়া অফিস কী বলছে?
নিম্নচাপের প্রভাবে আজ সতর্কতা জারি করা হয়েছে পুরো দক্ষিণবঙ্গেই। কোথাও ভারী বৃষ্টি হবে। কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। যে রেশটা থাকবে আগামী আরও কয়েকদিন। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী দু’দিন ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি, সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দক্ষিণের সাত জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে। লাল সতর্কতা জারি করা হয়েছে দুই জেলায়।
নিম্নচাপের বর্তমান অবস্থান
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল এবং সংলগ্ন বাংলাদেশ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, ১৩ অগাস্ট ২০২৬-এর সকাল ৮:৩০-এর (আইএসটি) তথ্য অনুযায়ী, এটি পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায়—ক্যানিং (পশ্চিমবঙ্গ)-এর উত্তর-পশ্চিমে এবং ২২.৩° উত্তর অক্ষাংশ ও ৮৮.৬° পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি—অবস্থান করছিল। এই অবস্থানটি কলকাতা (পশ্চিমবঙ্গ) থেকে প্রায় ৪০ কিমি দক্ষিণ-পূর্বে, মেদিনীপুর (পশ্চিমবঙ্গ) থেকে ১৩০ কিমি পূর্বে, বারিপদা (ওড়িশা) থেকে ১৯০ কিমি পূর্ব-উত্তর-পূর্বে এবং জামশেদপুর (ঝাড়খণ্ড) থেকে ২৬০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে। এর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে গঙ্গা-তীরবর্তী পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে প্রায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গাঙ্গেয় বঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। মৌসুমি অক্ষরেখা জামশেদপুর হয়ে কলকাতার ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত। এর কারণে বাড়বে বৃষ্টি।
জানা যাচ্ছে, কলকাতা অতিক্রম করার পরে নিম্নচাপটি হাওড়া, পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়ার দিকে এগিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে। শুক্রবার দুপুর অথবা বিকেলের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলি স্পর্শ করে ঝাড়খণ্ড হয়ে ছত্তীসগড়ের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের কোন জেলায় কী সতর্কতা?
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ লাল সতর্কতা রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায়। এই দুই জেলার কোনও কোনও অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি কমলা সতর্কতা দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই হলুদ সতর্কতা থাকছে। বইতে পারে দমকা ঝোড়ো বাতাসও। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। তবে শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমবে, তবে ভারী বর্ষণ হবে। এদিন শুধুমাত্র পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায়। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি ১৩টি জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। শনিবার স্বাধীনতা দিবসের দিন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝড়ের জন্য। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে
উপকূলবর্তী জেলার মৎস্যজীবীদের আগামী ১৫ অগাস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই সময়ে সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় ৫০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে। সমুদ্রে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় সারাদিন মেঘলা আকাশ থাকবে। মাঝে মাঝে দু’-এক পশলা, কখনও মাঝারি বৃষ্টি হতে পারে। শহরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৯৮ শতাংশ। শহরের আবহাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বজায় থাকলেও, বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ বেশ খানিকটা নিম্নমুখী থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে।
বৃষ্টি কমবে কবে থেকে?
রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমে যাবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
আজ উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ হতে পারে ভারী বৃষ্টি। এই সকল এলাকায় জারি আছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সাত দিন পর্যন্ত বেশির ভাগ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি— এই পাঁচ জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে।