
বাংলার আকাশ থেকে ধীরে ধীরে পাততাড়ি গোটাচ্ছে শীত। ভোরের দিকে হালকা শিরশিরানি থাকলেও বেলার দিকে উধাও হচ্ছে হিমেল আমেজ। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। আর এসবের মাঝেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে একটি নিম্নচাপ। এরফলে সপ্তাহান্তে বাংলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
নিম্নচাপ নিয়ে হাওয়া অফিস কী বলছে?
বঙ্গোপসাগরের উপরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ অঞ্চল। আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে নিম্নচাপ অঞ্চল। তা ক্রমে শক্তি বৃদ্ধি করে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ার উপরে কতটা পড়বে, তা এখনও স্পষ্ট করেনি হাওয়া অফিস। এর জেরে বৃষ্টি হবে কি না তা এখনও জানা যায়নি। তবে চলতি সপ্তাহে কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মূলত, পশ্চিমী ঝঞ্ঝার জন্যই উত্তরে হাওয়ার জোগানে পড়েছে কোপ। যার ফলে রোদের তেজে আরও বাড়বে বলছে আবহাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ধীরে ধীরে রাতের ঠান্ডাও কমবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। অর্থাৎ, শীতের আমেজ দ্রুত ফিকে হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী চার দিনে কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ধাপে ধাপে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গেও তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত মিলেছে। ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায়। উইকেন্ডে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে উত্তরে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
কলকাতাতে পারদ চড়বে
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি কম। দিনের বেলায় রোদের তেজ বাড়লেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।