
ভরা বসন্তেই বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া। মার্চের শুরুতেই আবহাওয়ার খামখেয়ালিপনা ৷ আজ অর্থাৎ রবিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলেই এই পরিস্থিতি। তার জেরেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়াও। মার্চের দ্বিতীয় সপ্তাহে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
হাওয়া অফিস কী বলছে?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি হবে। যদিও তার জন্য তাপমাত্রায় খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবেই ভরা বসন্তে বাংলায় ঝড়বৃষ্টি হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ রবিবার থেকেই কলকাতা-সহ পুরো রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনির সন্ধ্যায় এক প্রস্থ বৃষ্টি হয়েছে কলকাতার তৎপার্শ্ববর্তী অঞ্চলে । কয়েকটি জেলায় জারি হয়েছে সতর্কতা । আলিপুর আবহাওয়া দফতর বলছে, ঝড়-বৃষ্টি হলেও আগামী সাতদিন রাজ্যের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গে কবে কোথায় বৃষ্টি?
আজ দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে ।আগামিকাল ও পরশু অর্থাৎ সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গজুড়েই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলাদা করে এই জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়ার সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি । ওই দিন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে । জেলার সব জায়গায় বৃষ্টি নাও হতে পারে ।
উত্তরবঙ্গেও বৃষ্টি
উত্তরবঙ্গে সারা সপ্তাহই ঝড়বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে উত্তরের প্রতিটি জেলায়। আজ থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে । সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে । মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে । পাহাড়ে প্রায় পুরো সপ্তাহ ধরেই চলবে হালকা বৃষ্টি, সঙ্গে ঝড় ।রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। সোমবার থেকে বুধবার পর্যন্ত সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলাগুলিতে আপাতত সতর্কতা শুধু সোমবারের জন্য। আগামী সাত দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় কোনও হেরফের হবে না।
কলকাতা নিয়ে পূর্বাভাস
কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন শহরের আকাশ মেঘলা থাকবে। ১৩ মার্চ পর্যন্ত আকাশ পুরোপুরি পরিষ্কার হওয়ার সম্ভাবনা নেই।