
ভাদ্র মাস শেষ হয়ে গিয়েছে। তবে বৃষ্টি থেকে রেহাই নেই। আশ্বিনের শুরুতেও জেলায় জেলায় বৃষ্টি পরিস্থিতি। রবিবার সকাল থেকে কলকাতা এবং জেলার একাধিক জায়গায়, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। এর ফলে আগামী কয়েকদিন বঙ্গে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার থেকে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
হাওয়া অফিস যা জানাচ্ছে
আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ২২ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি রয়েছে ঝড়ের সম্ভাবনাও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
নিম্নচাপের বর্তমান পরিস্থিতি
ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আজ এই নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। সোমবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের মৌসম ভবন। মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পৌঁছবে বুধবার ২৩ সেপ্টেম্বর সকালে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে এর অভিমুখ।
ঘূর্ণিঝড় নিয়ে পূর্বাভাস
আমেরিকান মডেল জিএফএস এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস দিলেও এখনো পর্যন্ত ভারতের মৌসম ভবন শক্তিশালী নিম্নচাপের আশঙ্কাই করছে। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে অর্ণব, নাম দিয়েছে বাংলাদেশ। তবে এই সিস্টেমের নিম্নচাপ রূপে অভিমুখ রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল বলে জানিয়েছে মৌসম ভবন।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের গভীরে ২১ সেপ্টেম্বর সোমবার মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। ২২ থেকে ২৫ সেপ্টেম্বর মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। বুধবার থেকে শুক্রবার অর্থাৎ ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর মৎস্যজীবীদের বাংলাদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গে কোন জেলায় কী সতর্কতা?
আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে সব জেলার দু-এক জায়গায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাসের কমলা সতর্কতা রয়েছে। বাকি সব জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরো একটু বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাসের কমলা সতর্কতা রয়েছে। বাকি সব জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছথে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। শুক্রবার সাত জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাসের কমলা সতর্কতা রয়েছে। বাকি সব জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গ নিয়ে কী বলছে হাওয়া আফিস?
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বৃহস্পতিবার ফের উপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। বৃহস্পতিবার দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কম থাকবে শহরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ০.৫ মিলিমিটার।