
রবিবাসরীয় ছুটিতে বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায়। এদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের পশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। হাওয়া অফিস বলছে,
নিম্নচাপ অঞ্চল এবং জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও কিছু দিন বৃষ্টি চলবে। বিক্ষিপ্ত ভাবে ভিজবে কলকাতা ও শহরতলি। দক্ষিণের অন্তত সাতটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
হাওয়া অফিসের আপডেট
শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে ৷ IMD আগামী কয়েক দিনে রাজ্যজুড়ে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । হাওয়াা অফিস বলছে, মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত । অন্যদিকে, রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গ এবং অসমের উপর দিয়ে বিস্তৃত রয়েছে । গুজরাত থেকে বাংলাদেশ পর্যন্ত আরও একটি অক্ষরেখা। এর ফলে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। হাওয়া অফিস বলছে, আজ দক্ষিণবঙ্গের নয় জেলার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। সোমবার সব জেলাতে বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা থকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে আজ ও কাল ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টি কমে যাবে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। পূর্বাভাস অনুযায়ী আজ ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। নীচের দিকের জেলার বিক্ষিপ্তভাবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই চার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
কলকাতার আবহাওয়া
কলকাতার ক্ষেত্রে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে কলকাতাতে। সামান্য তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। হাওয়া অফিস বলছে, শহরে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালক থেকে মাঝারি বৃষ্টি চলবে। এখনই ভারী বর্ষণের কোনও সম্ভাবনা নেই শহরে।