
শ্রাবণের শেষবেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার ভোর থেকেই গভীর নিম্নচাপের প্রভাবে অবিরাম বৃষ্টি চলছে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে। সপ্তাহের প্রথম দিন এমন বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত। জল জমে যাওয়ায় অফিস টাইমে যানজট আরও তীব্র হয়েছে। দক্ষিণবঙ্গ জুড়েই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কবে কমবে এই বৃষ্টি? চলুন জেনে নেওয়া যাক বাংলরা ২৩ জেলা নিয়ে হাওয়া অফিসের লেটেস্ট আপডেট।
দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়ছে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় জারি হয়েছে চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা। এই তিন জেলায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়। এই জেলাগুলিতে ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অতিগভীর নিম্নচাপে বৃষ্টি
বঙ্গোপসাগরে জন্ম হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে সেটি প্রবেশ করছে স্থলভাগে। বর্তমানে এর অবস্থান কলকাতার ঠিক মাথার উপর। ধীরে ধীরে সেটি দক্ষিণবঙ্গ হয়ে সরে যাবে ঝাড়খন্ডের দিকে। তার জেরেই ভাসছে বাংলা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইছে দমকা বাতাসও। বঙ্গোপসাগরের নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় প্রভাব ফেলেছে। IMD-এর পূর্বাভাস অনুযায়ী কলকাতা-সহ একাধিক জেলায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও উত্তাল সমুদ্রের সতর্কতাও রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । বিশেষ করে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । সোমবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে । মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
মঙ্গলবার কোন কোন জেলায় সতর্কতা?
বর্ষাকালীন অক্ষরেখা পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপ অঞ্চলটির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা আপাতত নেই।
মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা
নিম্নচাপের কারণে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে। তার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এর প্রভাবে সমুদ্র আপাতত উত্তাল রয়েছে। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ওপরের পাঁচ জেলায়। সোমবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শুধু জলপাইগুড়ি এবং কালিম্পঙে। মঙ্গলবার আলিপুরদুয়ার, দার্জিলিঙেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহারের মতো উত্তরের বাকি জেলায় মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
কলকাতার পরিস্থিতি
সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা রয়েছে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশের আশেপাশে থাকবে।সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম। মঙ্গলবারের পর শহরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে ।