
বিজেপি সরকার আসার মাত্র ৬ মাসের মধ্যে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠছে। ইতিমধ্যেই কয়েকজন মন্ত্রী, নেতাও এ বিষয়ে সরব হয়েছেন। এ বার তোলাবাজি ইস্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তাঁর বক্তব্য, মানসিকতার পরিবর্তন হতে আরও কিছুটা সময় লাগবে।
'এখানে তোলাবাজি চলছে, এটাই সত্যি'
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম করে ৬ কোটি টাকার তোলাবাজির অভিজিত্ করণ নামে নন্দকুমারের এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। এমনকী রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও তোলাবাজি ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, তোলাবাজি এখনও রাজ্যের একটি উদ্বেগজনক বাস্তবতা। এই প্রবণতা বন্ধ না হলে প্রশাসন ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের বিশ্বাস সম্পূর্ণভাবে ফিরে আসবে না। তাঁর কথায়, 'এখানে তোলাবাজি চলছে। এটাই সত্যি। যতক্ষণ না তা বন্ধ হচ্ছে, ততক্ষণ মানুষের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব নয়।'
'রাজনৈতিক পরিবর্তন মানেই মানসিকতার পরিবর্তন নয়'
তোলাবাজি নিয়ে এ বার মুখ খুললেন শঙ্কর ঘোষও। তাঁর কথায়, 'আমাদের রাজ্যে একটি রাজনৈতিক পরিবর্তন হয়েছে। কিন্তু শুধু রাজনৈতিক পরিবর্তনই একটি রাজ্যের মানসিকতার পরিবর্তন করে না। মানসিকতার পরিবর্তন হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। তবে সেই পরিবর্তন আমরা নিশ্চিতভাবেই করতে সক্ষম হব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা এই কাজ করবই। দলের পক্ষ থেকে আপনাদের এই আশ্বাস দিতে পারি।'
BJP কর্মীদের সংযত হওয়ার বার্তা শমীকের
তোলাবাজি নিয়ে বিজেপি কর্মীদের সংযত হওয়ার বার্তা দিয়েছেন বিজেপি রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্যও। তিনি বলেন, 'প্রত্যেকের মনে রাখা দরকার, মানুষের ভোটে আমরা জিতেছি। মানুষই শেষ কথা। আমাদের মধ্যে বিচ্যুতি এলে মানুষ দেখবে। সবাই সংযত থাকুন, নমনীয় হোন। মানুষের কাছে যান। থানায় বেশি যাওয়ার দরকার নেই। গোটা সমাজটা এখনও অপরাধীদের সমাজ হয়ে যায়নি।'