
কালীপুজোর আগে থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। ভোর ও রাতের দিকে তাপমাত্রা কম থাকায় আবহাওয়ায় রয়েছে ঠান্ডা ঠান্ডা ভাব। কালীপুজোর দিন, রবিবারও এই আমেজ বজায় থাকল। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলছে হাওয়া অফিস। তবে ঠান্ডার এই আমেজের মধ্যেই চলতি সপ্তাহে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নতুন সপ্তাহের শুরু থেকেই দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অক্টোবরের নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
কালীপুজোর আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার রাজ্যের বিভিন্ন জেলায় কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবার কোথাও আকাশ পরিষ্কার থাকবে। সকালের দিকে রোদের দেখা মিললেও সন্ধ্যার আবহাওয়া থাকবে বেশ মনোরম। ফলে কালীপুজো ও দীপাবলির আনন্দে আবহাওয়া বড় কোনও বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করছেন আবহবিদরা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা শীতের আমেজও অনুভূত হতে পারে। এদিন কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যান্য কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির আশঙ্কা খুবই কম।
সব মিলিয়ে কালীপুজো ও দীপাবলিতে আপাতত স্বস্তিদায়ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে উৎসবের পর দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে।
নতুন সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?
কালীপুজোর পরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার থেকেই আকাশের মুখভার থাকবে। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্জ্রবিদ্যুত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে। উপকূলের কাছাকাছি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলায়। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বুধবার ভাইফোঁটার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্জ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। তবে, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃষ্টির সম্ভাবনা কমবে।
উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা দমকা বাতাস বইবে। দার্জিলিং-সহ উপরের দিকের জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই বর্জ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুই-এক জায়গায় দমকা বাতাস বইতে পারে। বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের দিকের জেলাগুলিতেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। নীচের দিকে তিন জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া মোটের উপর অনুকূল থাকবে।
শীত কি দুয়ারে ?
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা একই রকম আবহাওয়া থাকবে। আজ দিনের আকাশ পরিষ্কার। শহর কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কলকাতা ও জেলার তাপমাত্রা নেমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই হিমেল আমেজ স্থায়ী হবে না বেশি দিন। আগামিকাল, সোমবার থেকে আবহাওয়ায় পরিবর্তন হবে বলে পূর্বাভাস। মঙ্গলবার উত্তরবঙ্গে এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় লছেন, 'বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও সিস্টেম নেই। তবে উত্তর-পূর্ব বাংলাদেশে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।তার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে।'
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আজ দীপাবলিতে শহরের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বজায় থাকবে হিমেল আমেজ। তবে কালীপুজোর পর থেকে বদলাতে পারে আবহাওয়া। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস কম।