
ফের বাংলার আকাশে সক্রিয় নিম্নচাপ। এর জেরে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উইকেন্ডজুড়ে উত্তরবঙ্গেও চলবে ভারী বৃষ্টি। সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
ফের নিম্নচাপ
উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর তার জেরে নতুন নিম্নচাপ। এর জেরেই দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। স্পেশাল বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ অঞ্চলের ওপর গতকাল বিদ্যমান ঘূর্ণাবর্তের প্রভাবে, আজ ১০ সেপ্টেম্বর ভোর ৫টা ৩০ মিনিটে (IST) উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত এটি ওই একই অঞ্চলে অবস্থান করছে। এছাড়া, উত্তর হরিয়ানা থেকে উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার নিম্নচাপ-সৃষ্ট ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি 'ট্রাফ' (trough) বা নিম্নচাপ বলয় বিস্তৃত রয়েছে, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে বিস্তৃত মৌসুমি বায়ুর অক্ষটি (Monsoon trough) বর্তমানে জম্মু, দেরাদুন, ফতেহগড়, প্রয়াগরাজ, অম্বিকাপুর ও ঝারসুগুড়া হয়ে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার নিম্নচাপ কেন্দ্রের দিকে এবং সেখান থেকে পূর্ব ওদক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতি
একদিকে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত, অন্যদিকে মৌসুমী অক্ষরেখা পশ্চিমের জেলা পুরুলিয়ার পর দিঘার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুইয়ের জোড়া ফলায় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে চলেছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের ৫ জেলাতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি সব জেলাতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎস-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা বাতাস হইতে পারে। শুক্রবারেও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। বাকি সব জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা। শনিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। বৃষ্টির সম্ভাবনাও কমবে। উইকেন্ডে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
নিম্নচাপের ফলে মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ কর হয়েছে। সমুদ্র উত্তাল হবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৫৫ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। সেইকারণে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সম্মুখে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
উত্তরের সব জেলাতেই আজ অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে দার্জিলিং,জলপাইগুড়ি,কালিম্পংয়ে। এর পাশাপাশি শনিবার দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার এবং জলপাইগুড়িতে। ওপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। বৃষ্টি হবে রবিবারও। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।
কলকতার পরিস্থিতি
কলকাতার আকাশ আজ মূলত পরিষ্কার বা আংশিক মেঘলা থাকতে পারে। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও পরবর্তী সময়ে মাঝে মধ্যে মেঘের আনাগোনা দেখা যেতে পারে। শহরে আজ এক-দু'দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, কলকাতায় সপ্তাহান্তে কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে সোমবার অর্থাৎ গণেশ পুজোর দিন ফের বৃষ্টি বাড়তে পারে।