
শক্তি হারিয়ে বাংলা থেকে দূরে সরে গিয়েছে নিম্নচাপ। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে টানা ভারী বৃষ্টি আপাতত কমেছে। তবে এখনই পুরোপুরি কাটছে না দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতর বলছে, নিম্নচাপের প্রভাব কমায় বৃষ্টির তেজ কিছুটা কমবে ঠিকই, তবে আগামী কয়েক দিন আকাশ মূলত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
বৃষ্টি বাড়বে এই দিন থেকে
ঝাড়খণ্ড পেরিয়ে বিহার হয়ে ছত্তিসগড়ে বুধবার মধ্যরাতে বিলীন হয়ে গেছে গভীর নিম্নচাপ। দক্ষিণবঙ্গে তার আর প্রভাব নেই। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি চলার পর রবিবার থেকে মঙ্গলবার ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আলিপুর হাওয়া অফিস বলছে, সপ্তাহের একেবারে শেষে ফের বাড়তে পারে বৃষ্টি। বিশেষত রবিবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে ফিরোজপুর, কারনাল, হারদই, উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহার এবং দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের ওপর অবস্থিত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার থেকে ফের তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
দক্ষিণবঙ্গে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত পূর্বাভাস মিলেছে। উত্তরের ওপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে জারি রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা। সপ্তাহান্তে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টির প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে স্বল্পস্থায়ী তীব্র বৃষ্টিও হতে পারে। অন্যদিকে মালদা ও দুই দিনাজপুরে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকে মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গে আকাশ আরও বেশি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে,অর্থাৎ বৃষ্টির ইঙ্গিত রয়েছে। বিশেষ করে হিমালয়-সংলগ্ন এলাকা ও পার্শ্ববর্তী সমতলভূমিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ওইসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।
কলকাতার পরিস্থিতি
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা আকাশ বজায় থাকবে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে তিলোত্তমায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবারের আবহাওয়া
শুক্রবার আবহাওয়া সম্পর্কে বললে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলে জানা গিয়েছে। যদিও মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। এদিকে ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টি চলবে বাদবাকি জেলাগুলিতে।
সার্বিকভাবে, চলতি সপ্তাহে বৃষ্টি তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ও অনিয়মিত থাকলেও সপ্তাহান্তে উত্তর বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে।