
হাওয়া অফিস বলছে, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। কোনও কোনও জায়গায় দু’এক পশলা ভারী বৃষ্টিও (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। প্রসঙ্গত, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই এদিন রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
নিম্নচাপের বর্তমান অবস্থা
IMD জানাচ্ছে রবিবার সকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর নিম্নচাপ অঞ্চলটি অবস্থান করছে। এর সঙ্গেযুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে । আগামী দু'দিনে তা আরও শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা অতিক্রম করবে । ফলস্বরূপ উপকূল ও তৎসংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার কথা মাথায় রেখে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে । উত্তর ওড়িশা উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের জেলাগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন বৃষ্টি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি উল্লেখিত জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার দু’-একটি জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকা, বিশেষ করে দুই মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে এবং তা আরও ধারাবাহিক হতে পারে। নিম্নচাপের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে উত্তর ওড়িশায়।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সেই কারণে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এদিন শুধুমাত্র জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার বৃষ্টি বাড়তে পারে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
কলকাতার আবহাওয়া
আজ রবিবার দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে শহরে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার শহরে এক দফা ভারী বৃষ্টিও হতে পারে।
সোমবারের আবহাওয়ার পূর্বাভাস
সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে এদিন ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।