
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। এদিকে শনিবারই বর্ষা ঢুকে পড়েছে আন্দামান সাগর সংলগ্ন এলাকায়। আর এরইসঙ্গে বাংলা সহ দেশের বাকি অংশে বর্ষার আগমন নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গেল। কেমন থাকবে আগামী সপ্তাহে বাংলার ২৩ জেলার আবহাওয়া। চলুন জেনে নেওয়া যাক আপডেট।
ঝড়বৃষ্টির পূর্বাভাস
মৌসম ভবন জানাচ্ছে, শনিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে প্রবেশ করেছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৬ মে নির্ধারিত সময়ের কিছুটা আগেই ভারতের মূল ভূখণ্ড কেরালমে প্রবেশ করবে বর্ষা। এর জেরে বাংলাজুড়েও বর্ষার কাউন্টডাউন শুরু হল। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টি বেশি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। তবে এর প্রভাবে গরম কমছে না। আপাতত আগামী সাত দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের পরিস্থিতি
মধ্যপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যা আবার উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাহাড়ি এলাকায় ধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। সোমবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। দমকা হাওয়া কোথাও কোথাও বইতে পারে। দুর্যোগ চলতে পারে বুধবার পর্যন্ত। উত্তরবঙ্গেও আপাতত সাত দিনের জন্য তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
কলকাতা নিয়ে পূর্বাভাস
রবিবারের সকাল থেকেই আংশিক মেঘলা কলকাতার আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে বাড়বে রোদের তেজ। যার জেরে গরম ও অস্বস্তিকর পরিস্থিতিতে নাজেহাল হতে হবে পথচলতি সাধারণ মানুষকে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বিকেলের পরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস কম। রোদের তেজ বাড়ার কারণে গরম থাকছেই।