
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে চাঞ্চল্যকর ঘটনা। এক রাতে অজানা প্রাণীর কামড়ে আক্রান্ত হল কমপক্ষে ৪০টি গবাদি পশু। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বেশিরভাগ পশুর মুখেই কামড়ের চিহ্ন রয়েছে। ফলে অনেকেই মনে করছেন, সম্ভবত বন্য পশুর আক্রমণের জেরে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সকালে গবাদি পশুগুলোকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান কৃষকেরা। প্রথমে তাঁরা হতবাক হয়ে যান, পরে দেখেন পশুগুলির শরীরে আঁচড় এবং কামড়ের দাগ। ঘটনা সম্পর্কে দ্রুত তাঁরা বন বিভাগে জানান। বন দফতরের তরফে কর্মীরা এসে বিষয়টি খতিয়ে দেখে, বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরাও। একইসঙ্গে গ্রামের মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বন বিভাগের কর্মীরা।
অন্যদিকে, চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যারা এই গোরুগুলির দুধ খেয়েছেন, তাঁরা যেন অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় টিকা বা ভ্যাক্সিন নেন।
স্থানীয়দের বক্তব্য, তাঁদের গ্রাম গোয়ালতোড় থানার অন্তর্গত ভেধুমজুরি পাড়া এলাকায়। এই অঞ্চলটি একেবারে ঘন জঙ্গলের কাছে অবস্থিত। গ্রামবাসীদের বক্তব্য, প্রায় ৪০-৫০টি গোরু ও মোষের শরীরে এমন আঁচড়ের চিহ্ন রয়েছে। যার জেরে পশুগুলি আতঙ্কিতও হয়েছে। ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।
ঘটনার কথা জানার পর ওই এলাকায় যান গড়বেতা বিধানসভার বিধায়ক প্রদীপ লোধা। তাঁর উপস্থিতিতে সেখানে বন দফতরের কর্মীরা ছাড়াও হাজির হব প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের পশুচিকিৎসকরাও। জখম প্রাণীগুলিকে টিকা দেওয়ার পাশাপাশি, সেগুলির চিকিৎসাও শুরু করা হয়েছে।
তবে, বন বিভাগ বা প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ কেউই এখনও পর্যন্ত হামলাকারী প্রাণীটিকে নিশ্চিতভাবে শনাক্ত করতে পারেনি। আঘাতের ধরন ও আক্রমণের ধরণ দেখে অনেকেই মনে করছেন, এটি হায়নার কাজ হতে পারে। বিষয়টি নিয়ে আমজনতাকে সচেতন করতে বন দফতরের তরফে ঘোষণা করা শুরু হয়েছে। এমন কোনও পশু থাকলে, বা নতুন করে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলে সেই পশুটিকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রামবাসীদের আক্রান্ত পশুর দুধ বা মাংস গ্রহণ না করার জন্য সতর্ক করা হয়েছে।
স্থানীয় বন বিভাগের বিট অফিসার সোমনাথ হেমব্রাম বলেন, "একটি অজ্ঞাত প্রাণী ৪০টিরও বেশি প্রাণীকে কামড়েছে। কামড়ের চিহ্নগুলো স্বাভাবিক বলে মনে হচ্ছে না, তাই অবিলম্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সন্দেহ, প্রাণীটি হায়না হতে পারে। সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।"