Advertisement

এক বছর পর দেশে ফিরলেন বীরভূমের দানিশ-সুইটিরা, পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে

প্রায় সাত মাস পর পরিবারের সঙ্গে মিলিত হলেন দানিশ শেখ। গত বছর তাঁর স্ত্রী সুনালি এবং আট বছরের ছেলেকেও অবৈধ বাংলাদেশি অভিবাসী সন্দেহে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

এক বছর দেশে ফিরলেন দানিশরা এক বছর দেশে ফিরলেন দানিশরা
Aajtak Bangla
  • দিল্লি ও ঢাকা ,
  • 09 Jul 2026,
  • अपडेटेड 6:38 PM IST
  • গত বছরের জুন মাস
  • রোহিণী এলাকা থেকে ৬ জনকে আটক করেছিল দিল্লি পুলিশ

অবশেষে বাংলাদেশ থেকে ভারতে ফিরতে পারলেন বীরভূম জেলার পাইকর গ্রামের ৪ বাসিন্দা। অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাদেশে 'পুশব্যাক' করা হয়েছিল তাঁদের। মঙ্গলবার তাঁরা দেশে ফেরেন। 

গত বছরের জুন মাস। রোহিণী এলাকা থেকে ৬ জনকে আটক করেছিল দিল্লি পুলিশ। এরপর তাঁদের বাংলাদেশে 'পুশব্যাক' করা হয়। এদিকে বাংলাদেশে 'অনুপ্রবেশের' অভিযোগে সেখানকার কর্তৃপক্ষও তাঁদের গ্রেফতার করে।

মঙ্গলবার মালদা জেলার মহদিপুর সীমান্ত চেকপোস্টে বাংলাদেশ বর্ডার গার্ড (BGB) চারজনকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। দেশে ফেরেন দানিশ শেখ, তাঁর প্রতিবেশী সুইটি বিবি এবং সুইটি বিবির দুই নাবালক সন্তান।

প্রায় সাত মাস পর পরিবারের সঙ্গে মিলিত হলেন দানিশ শেখ। গত বছর তাঁর স্ত্রী সুনালি এবং আট বছরের ছেলেকেও অবৈধ বাংলাদেশি অভিবাসী সন্দেহে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় ২৬ বছর বয়সী সুনালি অন্তঃসত্ত্বা ছিলেন। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে গত বছরের ডিসেম্বরে তিনি ভারতে ফিরেছিলেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দেন। অবশেষে ছয় মাসেরও বেশি সময় পর নিজের নবজাতক সন্তানের মুখ দেখতে পেলেন দানিশ।

দানিশ শেখ বলেন, 'অবশেষে আমি আমার দেশে ফিরতে পেরেছি। আমি সরকারকে ধন্যবাদ জানাই। সামিরুল ইসলাম এবং সরকারের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার সন্তানদের সঙ্গে আবার দেখা করতে পেরে আমি ভীষণ আনন্দিত।'

দানিশ আরও জানান, তিনি বাংলাদেশে বেশ কষ্ট করে ছিলেন। তিন থেকে চারদিন তাঁকে জঙ্গলের মধ্যে কাটাতে হয়েছে। তাঁর কথায়, 'সীমান্ত পার হওয়ার সময় তিন-চার দিন জঙ্গলের মধ্যে কাটাতে হয়েছে। আমাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না। কিছু টাকা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সম্পূর্ণ অসহায় ছিলাম। স্ত্রী-সন্তানদের কাছে ফিরে এসে খুব ভালো লাগছে। আমার মা, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সবাই আমার জন্য অপেক্ষা করছিলেন। এখন আমার শরীরও ভালো আছে।' 

Read more!
Advertisement
Advertisement