Advertisement

বীরভূমে বাঁশঝাড় থেকে ৩১টি তাজা বোমা উদ্ধার, ঘিরে ফেলা হল গোটা এলাকা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের একটি পুকুরপাড় সংলগ্ন বাঁশঝাড়ের কাছে সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। কাছে যেতেই দেখা যায়, সেগুলি আসলে তাজা বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে এলাকা সিল করে দেয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 May 2026,
  • अपडेटेड 4:55 PM IST
  • বিধানসভা নির্বাচনের পর উত্তপ্ত রাজনীতির আবহে ফের চাঞ্চল্য ছড়াল বীরভূমে।
  • শুক্রবার সকালে জেলার একটি গ্রামের বাঁশঝাড়ের পাশে স্তূপ করে রাখা অবস্থায় উদ্ধার হল ৩১টি তাজা বোমা।

বিধানসভা নির্বাচনের পর উত্তপ্ত রাজনীতির আবহে ফের চাঞ্চল্য ছড়াল বীরভূমে। শুক্রবার সকালে জেলার একটি গ্রামের বাঁশঝাড়ের পাশে স্তূপ করে রাখা অবস্থায় উদ্ধার হল ৩১টি তাজা বোমা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করতে ডাকা হয় বম্ব স্কোয়াডকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের একটি পুকুরপাড় সংলগ্ন বাঁশঝাড়ের কাছে সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। কাছে যেতেই দেখা যায়, সেগুলি আসলে তাজা বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে এলাকা সিল করে দেয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।

এক গ্রামবাসীর কথায়, 'দূর থেকে দেখে মনে হচ্ছিল তাল ফলের স্তূপ। পরে বুঝতে পারি ওগুলো বোমা। এতগুলো একসঙ্গে দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।'

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া বোমাগুলি সক্রিয় অবস্থায় ছিল। কারা এবং কী উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ বিস্ফোরক সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা এলাকায় তল্লাশি অভিযানও চালানো হচ্ছে।

রাজ্যে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি ও অশান্তির ঘটনা সামনে এসেছে। বিজেপি এবং তৃণমূল, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা ও সন্ত্রাসের অভিযোগ তুলছে।

এরই মধ্যে বুধবার রাতে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনায় পাঁচজন আহত হন। তার কয়েক ঘণ্টা আগেই মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়। এই আবহে বীরভূমে ৩১টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement